চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য সমুদ্রসৈকত ইজারা দেওয়া অবৈধ ও বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ঈদের বন্ধের আগে গত বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. আবু তারিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেন। সীতাকুণ্ড উপজেলার মধ্য সোনাইছড়ি মৌজার বনাঞ্চল উজাড় করে সমুদ্র উপকূলে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক এবং এফঅ্যান্ডএফ শিপিং রিসাইক্লিং, এম এস তানিয়া এন্টারপ্রাইজ, মাবিয়া এন্টারপ্রাইজ ও ইউনিক ট্রেডার্সের মধ্যে সম্পাদিত চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত বছরের ১৫ ফেব্রুয়ারি রিটটি করে। ইউনিক ট্রেডার্স ইয়ার্ডের মালিক সরকারদলীয় সাংসদ আবুল কাশেম মাস্টারের ছেলে এস এম আল মামুন। রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন। আর রুলের চূড়ান্ত শুনানির পর রায় দেওয়া হয়। রায়ে বলা হয়, রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থের বিপরীতে মুষ্টিমেয় ব্যক্তির ব্যবসায়িক স্বার্থ কখনো বড় হতে পারে না। সমুদ্র উপকূল ইজারা দেওয়ার কোনো আইনগত এখতিয়ার জেলা প্রশাসকের নেই। তাই ইজারাসমূহ অবৈধ ঘোষণা করা হলো। আদালত জনস্বার্থে সমুদ্র উপকূল এবং উপকূলীয় বন রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপও করেন। আদালতে বেলার পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির, জেলা প্রশাসকের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নজরুল ইসলাম এবং এফঅ্যান্ডএফ শিপিং রিসাইক্লিংয়ের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ মামলা পরিচালনা করেন। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, সোনাইছড়ি মৌজায় শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের ইজারা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ইজারা চুক্তি বাতিল ও এখতিয়ারবহির্ভূত ঘোষণা করা হয়েছে। সমুদ্রের জোয়ারের পানিতে যে অংশ প্লাবিত হয়, তা সমুদ্রেরই অংশ। বন বিভাগের এসব জায়গায় বনায়ন করতে হবে বলে আদালত অভিমত দিয়েছেন। রিটে জানা যায়, সোনাইছড়ি মৌজায় সমুদ্র্র উপকূলে নির্বিচারে গাছ কেটে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ করা হচ্ছে বলে গত বছরের ফেব্রুয়ারিতে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। এতে বন বিভাগের সংরক্ষিত এলাকায় ১৫ হাজার গাছ কেটে সাড়ে পাঁচ একর জায়গায় শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের কথা বলা হয়। প্রকাশিত সংবাদে স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেমের ছেলেসহ অন্যান্য ইজারা গ্রহীতার নির্বিচারে গাছ কাটার উল্লেখ থাকলেও চট্টগ্রামের জেলা প্রশাসক ইজারা গ্রহীতাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা থেকে বিরত থাকেন বলে অভিযোগ করা হয়। বন বিভাগের পক্ষ থেকে আদালতে বলা হয়, ভূমিধস ও ঘূর্ণিঝড় থেকে স্থানীয় লোকজনকে রক্ষা করার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৭৪, ১৯৭৬ ও ১৯৯০ সালের প্রজ্ঞাপনে সোনাইছড়ির যে স্থানে বনায়ন করা হয়েছে, স্থানীয় প্রশাসন সেখানে বিতর্কিত ইজারাগুলো দিয়েছে। রুলের জবাবে বনায়নকৃত ও গেজেট নোটিফিকেশনকৃত এলাকা বন বিভাগের অনুকূলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরে স্থানীয় প্রশাসনের অসহযোগিতার কথাও বলা হয়। অন্যদিকে চট্টগ্রামের জেলা প্রশাসকের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা ভূমিগুলো ‘সিকস্তি’ বা ‘হারিয়ে যাওয়া’ জমি বলে দাবি করে বলা হয়, সরকারের রাজস্ব বিবেচনায় প্রশাসন অস্থায়ীভাবে এসব ভূমি ইজারা দিয়েছে। আদালত এ দাবি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ‘দায়িত্বহীনতায়’ অসন্তোষ প্রকাশ করেন।প্রসঙ্গত, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নিয়ে সমুদ্র উপকূলের সবুজ বেষ্টনী ধ্বংস করে অন্তত ১০টি শিপ ব্রেকিং ইয়ার্ড উঠেছে।