সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৭ জন অগ্নিদগ্ধ
সীতাকুণ্ডের মাদামবিবির হাটে জেড এন এন্টারপ্রাইজ নামের একটি শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আজ রোববার বিস্ফোরণে সাত শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকেরা হলেন—মো. সাইফুল (২২), নবাব আলী (২৭), মিলন মণ্ডল (২৫), বেলাল (২৫), রনি (২৪), রাজ্জাক (৪০) ও শহীদুর রহমান (২৮)। আহত শ্রমিক নবাব আলী বলেন, আজ বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটিতে তেলের জাহাজ কাটার সময় পাইপে আগুন ধরে গেলে তিনিসহ সাতজন শ্রমিক আহত হন। শওকত আলী চৌধুরী ইয়ার্ডটির মালিক বলে তিনি জানান।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিত্সক মো. খালেদ বলেন, আহতদের প্রত্যেকেই পাঁচ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হচ্ছে।উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন উপকূলীয় এলাকাজুড়ে শতাধিক পুরোনো জাহাজ ভাঙা প্রতিষ্ঠান রয়েছে। এতে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করেন। অনিরাপদ পরিবেশে কাজ করতে গিয়ে ইয়ার্ডগুলোতে প্রায়ই নানা দুর্ঘটনার শিকার হয়ে শ্রমিকেরা প্রাণ হারান।