চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্য সোনাইছড়ি মৌজায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। পাশাপাশি শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য ইউনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী এফএম আল মামুন, এফঅ্যান্ডএফ এন্টারপ্রাইজ, মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ ও মাবিয়া এন্টারপ্রাইজের ইজারা চুক্তি বাতিল ও এখতিয়ার-বহির্ভূত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি ম. ইমান আলী ও আবু তারিকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত বলেন, সমুদ্রের জোয়ারের পানিতে যে অংশ প্লাবিত হয় তা সমুদ্রেরই অংশ। এ জায়গা ইজারা দেওয়া এখতিয়ার-বহির্ভূত ও অবৈধ। দেশের সামগ্রিক লাভ-ক্ষতি বিবেচনা করে উন্নয়নের পক্ষে মত দিতে হবে। কিছু ব্যক্তির ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য বৃহত্তর রাষ্ট্র ও জনস্বার্থ বিসর্জন দেওয়া যায় না। এসব জায়গায় বনায়ন করতে হবে বলে আদালত রায় দেন।জানা যায়, সোনাইছড়ি মৌজায় গত বছরের ফেব্রুয়ারিতে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ হচ্ছে বলে গত বছরের ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সেখানকার ১৫ হাজার গাছ কাটা হয়েছে। সোনাইছড়ি এলাকায় সাড়ে পাঁচ একর জায়গায় এফএম আল মামুন, এফঅ্যান্ডএফ এন্টারপ্রাইজ, মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ, মাবিয়া এন্টারপ্রাইজসহ সংশ্লিষ্টদের ইজারা দেন জেলা প্রশাসক। এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে রিট দায়ের করে। হাইকোর্ট প্রাথমিক শুনানির পর রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রায় দেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির মামলা পরিচালনা করেন। রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, চারটি প্রতিষ্ঠানসহ সোনাইছড়ি মৌজায় যেসব প্রতিষ্ঠানকে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য ইজারা দেওয়া হয়েছিল, তা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের ইজারা দেওয়ার এখতিয়ার নেই বলে আদালত অভিমত দিয়েছেন।