সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন মাদামবিবির হাটে জাহানাবাদ শিপ ব্রেকার্স নামে একটি জাহাজ ভাঙা ইয়ার্ডে এক শ্রমিক মারা গেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাহাজ থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।নিহত শ্রমিকের নাম মইনুল হোসেন (২৮)। তাঁর বাবার নাম সাবেদ মিয়া। বাড়ি নওগাঁ জেলায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন।প্রাথমিকভাবে জানা গেছে, এমভি আলফ্রেড নামে একটি পুরোনো জাহাজের ওপরে মইনুল কাজ করছিলেন। একপর্যায়ে তিনি ওপর থেকে ইঞ্জিন কক্ষে পড়ে গুরুতর আহত হন। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন শ্রমিক মারা গেছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটছে তা এখনো নিশ্চিত করা যায়নি।