সীতাকুণ্ডে সংঘর্ষ, রাবার বুলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালে আজ সোমবার সীতাকুণ্ডে অন্তত তিনটি স্থানে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৩০টি রাবার বুলেট ছোড়ে পুলিশ। হরতাল-সমর্থকেরা সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছয়টি গাড়িতে আগুন দিয়েছে। ভাঙচুর করেছে অর্ধশতাধিক গাড়ি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে সীতাকুণ্ডের পন্থিছিলা, নুনাছড়া ও পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় জামায়াত-শিবিরের পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে পিকেটাররা বোতল, ইটপাটকেল ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ প্রায় ৩০টি রাবার বুলেট ছোড়ে। এতে শিবিরের দুই কর্মী আহত হন বলে জানা গেছে। হরতাল-সমর্থকেরা সকাল পৌনে সাতটার দিকে শেখনগর এলাকায় রেলপথ অবরোধ করে। এতে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেন (৮০৪) ঘটনাস্থলে আটকা পড়ে। মহানগর প্রভাতী, তূর্ণা-নিশীথা, সুবর্ণ এক্সপ্রেস ও ঢাকা মেইল নামের চারটি ট্রেন আশপাশের স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে চারটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি সিএনটিচালিত অটোরিকশায় আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন।দলের সাবেক আমির গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।