সীতাকুণ্ডে স্পিনিং কারখানায় আগুন
সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সানম্যান স্পিনিং লিমিটেড নামের একটি কারখানায় আজ মঙ্গলবার সকালে আগুন লাগে। এতে কারখানাটির তুলা, সুতা ও মেশিনারি পুড়ে গেছে।আগুনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি আরও বেশি বলে দাবি করছে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, আজ সকাল ছয়টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, আগুন লাগার সময় কারখানাটি চালু ছিল। তুলা ও সুতাজাতীয় কাঁচামালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।কারখানার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর বলেন, ‘ফায়ার সার্ভিস এক কোটি টাকার ক্ষতি কীভাবে বলেন। আমার এক কোটি টাকা দামের অন্তত ১০টা মেশিন পুড়েছে। এ ছাড়া অন্যান্য যন্ত্রাংশ ও কাঁচামাল পুড়ে গেছে। আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে দেখিনি। ক্ষয়ক্ষতির হিসাবনিকাশ চলছে।’