সীতাকুণ্ডের ওসিকে তলব করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদকে তলব করেছেন হাইকোর্ট। শীতলপুর এলাকায় অবস্থিত ম্যাক করপোরেশনের ইয়ার্ডের ওই বিস্ফোরণে চার ব্যক্তির মৃত্যুতে কেন মামলা হয়নি তা জানাতে আগামী ৬ ফেব্রুয়ারি ওসি নূর মোহাম্মদকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জাহাজটি ভাঙার আগে পরিবেশগত ছাড়পত্র ও গ্যাসমুক্ত থাকার সনদ নেওয়া হয়েছে কি না, তাও এ সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে গতকাল ম্যাক করপোরেশনের মালিক আবুল কাশেম মাস্টারকে দিনভর আদালতে দাঁড় করিয়ে রাখা হয়। সীতাকুণ্ডে জাহাজে বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুসংক্রান্ত সংবাদটি আদালতের নজরে আনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। আদালতের নির্দেশনা অনুসরণ না করায় ওইদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে ইয়ার্ড মালিক আবুল কাশেমকে ২৭ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। গতকাল বেলার পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির এবং ম্যাকের পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত অবমাননার রুলের পরিপ্রেক্ষিতে ম্যাক করপোরেশনের মালিকের পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি তাঁকে আবার হাজির হতে বলা হয়েছে।