সীমানা ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেক দলের ক্রিকেটারদের ক্ষেত্রে প্রতিবন্ধকতাটা একেক রকম। সব প্রতিকূলতা জয় করে ঢাকায় মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আসা খেলোয়াড়দের পরিচয় আজ তাঁরা ক্রিকেটার। লিখেছেন মাসুদ আলমকথা বলতে গিয়ে দ্বিধায় পড়ে যেতে হলো। এরিকা খেলোয়াড়, নাকি কোচ? দেখতে তো কোচের মতোই লাগে। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু পাশে মিডিয়া ম্যানেজার দ্বিধা কাটিয়ে দিলেন, ‘না, না, ও যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়।’হোটেল রূপসী বাংলার লবিতে এরিকা বলে যান যুক্তরাষ্ট্রের মহিলা ক্রিকেটের আদ্যোপান্ত। ক্যালিফোর্নিয়ায় একটা ইলেকট্রনিক কোম্পানিতে চাকরি করেন। সপ্তাহান্তে ছুটির দিনে শনিবার-রোববার খেলেন শখের ক্রিকেট। খেলতে খেলতেই ঢাকায়ও চলে এলেন যুক্তরাষ্ট্র মহিলা ক্রিকেট দলের সদস্য হয়ে।এমন ‘ক্রিকেটার’ আরও অনেক আছেন। আয়ারল্যান্ড, হল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা হালফিল পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ দলেও শখের ক্রিকেটারে ভরা। এখন এই ক্রিকেটারদের পদচারণে মুখরিত হোটেল রূপসী বাংলা।মাঠে তাঁদের সঙ্গে ঠিক সেভাবে কথা বলা যায় না। কিন্তু হোটেলে গেলে দ্বার উন্মুক্ত না হোক, নাগালে পাওয়া সহজই। ‘এক্সকিউজ মি’ বলে কথা বলতে আগ্রহ দেখালেই মুখে হাসি দিয়ে থমকে দাঁড়ান। তারপর টিম ম্যানেজারের অনুমতি নিয়ে যখন কথা বলা শুরু করেন, উঠে আসে নানা গল্প। বিশ্বের নানা প্রান্তের মেয়েদের ক্রিকেটার হয়ে ওঠার সেসব গল্প কখনো কখনো আপনাকে ধাঁধায় ফেলে দেবে। কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, কেউ ছাত্রী, কেউ আবার পাইলট, আয়ারল্যান্ড দলে তো যমজ বোনও আছেন। ১৪ নভেম্বর টুর্নামেন্ট শুরুর আগের বিকেলে দশ অধিনায়কের সংবাদ সম্মেলনটা ছিল অন্য রকম। এই খেলোয়াড়দের কাছে এমন অভিজ্ঞতা বিরল। এক মঞ্চে বসে কথা বলার, মিডিয়ার নানা কৌতূহল মেটানোর পর একজনকে দেখে থমকে যেতে হলো। ডরিস ফ্রান্সিস। যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক। নিজে তাঁর বয়স বলেছেন ৪২, তবে অনেকেরই অনুমান, বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই ভদ্রমহিলার। এই বয়সে মাঠে নেমে ক্রিকেট খেলেন কীভাবে, তা এক বিশাল ধাঁধাই বটে। নাতি-নাতনি নিয়ে ঘরে অবসর কাটানোর সময় নয় কি তাঁঁর? ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন, এখন আমেরিকায় বসত গেড়ে স্বগোত্রীয় আরও অনেক তরুণীকে নিয়ে সমুদ্রে ভাসিয়েছেন আমেরিকান মহিলা ক্রিকেটের তরী।একেক দেশের এই মহিলা ক্রিকেট-তরীটা একেক রকম। কোথাও রক্ষণশীল সমাজ বলে মেয়েদের খেলাধুলায় আসতে বাধা, আবার কোথাও অগ্রসরমান বিশ্ব মানচিত্রে ক্রিকেট সেফ্র মজার জন্যই খেলা। বাংলাদেশের মতো দেশে ক্রিকেট খেলে পাওয়া কিছু হাতখরচই অনেক মেয়ের পাথেয়।কথা হচ্ছিল সানা মীরের সঙ্গে। দারুণ স্মার্ট পাকিস্তান অধিনায়কের মুখে শোনা, গত গুয়াংজু এশিয়াডে মহিলা ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে সোনা জেতার পর পিসিবি বাড়তি নজর দিয়েছে মহিলা ক্রিকেটের ওপর। ২০ জন খেলোয়াড়ের সঙ্গে আর্থিক চুক্তিও করেছে। তবে পাকিস্তানের মতো রক্ষণশীল সমাজে মেয়েদের ক্রিকেট বা অন্য খেলাধুলা করা কতটা কঠিন সেই প্রশ্ন করলে উত্তর আসে, ‘এখনো তৃণমূল পর্যায়ে অনেক কাজ করতে হবে।’ তবে সানা আশা দেখেন এই ভেবে, গত ২০-২৫ বছরে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, খেলোয়াড় হয়েছেন। তবে এগোনোর গতিটা আরও দ্রুত হওয়া উচিত।সানা মীর ক্রিকেটে এতই মজেছেন যে নয় বছরের বড় ভাইয়ের সঙ্গে ছোটবেলায় রাস্তায় ক্রিকেট খেলতে খেলতে কখন যে ক্রিকেটার হয়ে গেলেন, টেরও পাননি। অবসরপ্রাপ্ত কর্নেলের কন্যা অঙ্কে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। কিন্তু তাঁর মুখে এখন আক্ষেপ, ‘খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাস্টার্সটা করতে পারছি না। মাস্টার্স আমাকে করতেই হবে।’বাংলাদেশের কোনো মেয়ের মুখে এই আক্ষেপ শোনা যায়নি। আর যাবেও না। তবে প্রত্যেকেই একটা কথা অভিন্ন সুরেই বলেছেন, পারিবারিক সহযোগিতা মিলছে। নইলে এত দূর আসতে পারতেন না। শুধু মেয়েদের ক্রিকেট কেন, সব খেলাধুলাতেই পারিবারিক সমর্থন খুব দরকার। যেটি পাওয়ার গর্বে চোখ-মুখ উজ্জ্বল দেখাল পাকিস্তানেরই আরেক খেলোয়াড় কানিতার, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার বাবা-মা কখনো খেলাধুলায় বাধা দেননি।’তবে নিরাপত্তার কারণে এই যে অনেক দেশই পাকিস্তানে খেলতে যায় না, তা দেখে হতাশাও ঝরে পড়ে তাঁর কণ্ঠে, ‘আমরা চাই সবাই আমাদের দেশে খেলতে যাক। সাম্প্রতিক সময়ে অবশ্য অনেকেই যাচ্ছে বিভিন্ন খেলায়। এটা যথেষ্ট নয়। আরও বেশি করে যাওয়া উচিত।’অন্য দেশগুলো এই সমস্যা থেকে মুক্ত। তাই সে অর্থে পাকিস্তানিদের মতো হাহাকার নেই অন্যদের। লরার মুখে তো পরিতৃপ্তির ঢেকুর উঠল, ‘জীবনে ক্রিকেটার হয়ে আমি খুশি।’ হল্যান্ডের এই খেলোয়াড়ের সঙ্গে গল্প জুড়ে পাওয়া গেল আরও অনেক তথ্য। ‘আমার বাবা ক্রিকেটার ছিলেন, ভাই ক্রিকেট খেলেছে। আমিও তাঁদের পথেই এসেছি’—এক নিঃশ্বাসে হোটেল লবিতে বসে বলে যান ডাচ ক্রিকেটার। হল্যান্ড দলটা বহুজাতিক পেশার খেলোয়াড়ে ঠাসা। তাদের অধিনায়ক হেলমিয়েন রামবালডো শিক্ষকতা করেন। ক্রিকেট খেলার সময় বের করতে সমস্যা হয় বলে জানালেন, ‘আমরা রাতের দিকে ক্রিকেট খেলি। দিনের বেলা কাজ করি। সমস্যা হয় না।’যুক্তরাষ্ট্রের দেলকাশ পেশায় প্রকৌশলী। স্বদেশের মহিলা ক্রিকেটের চিত্রটা তুলে ধরে যেন একটা দীর্ঘশ্বাসই ফেললেন, ‘আমাদের ওখানে ক্রিকেটের অগ্রগতিটা ধীরে চলছে। এটা আরও দ্রুত হওয়া চাই।’ খেলাটাকে ভালোবেসে ফেলেছেন বলেই তাঁর এই আকুতি। যে ভালোবাসার টানে শ্রীলঙ্কার ম্যানেজার অন্তঃসত্ত্বা অবস্থায়ও ছুটে এসেছেন ঢাকায়। এই ভালোবাসাই পাইলট হওয়ার পরও হল্যান্ডের জোলেট হাটেনহফকে টেনে এনেছে ভিনদেশে।সীমানা ছাড়িয়ে আজ তাঁরা সবাই এক ছাদের নিচে। মেয়েদের ক্রিকেটের বিশ্বকাপই যেখানে প্রচার পায় না, বাছাইপর্ব নিয়ে কার অত আগ্রহ। তাতে এই খেলোয়াড়দের কী আসে যায়। তাঁরা দমে যান না, হাজারো বাধা পেরিয়ে মিলে যান এক মোহনায়। যেখানে উচ্চারিত হয় একটা স্লোগান—‘আমরা বাধার প্রাচীর জয় করতে এসেছি।’