সীমানা নির্ধারণ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে স্থানীয় সরকার বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডের সীমানা নিয়ে আইনি জটিলতার আশঙ্কার ব্যাপারে গতকাল মঙ্গলবার সীমানা নির্ধারণ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।এদিকে সীমানা-সংক্রান্ত জটিলতা আগামী ২০ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য আজ বুধবার স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান। গত সোমবার প্রথম আলোতে ‘কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে আইনি জটিলতার আশঙ্কা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া কয়েকটি জাতীয় দৈনিকও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ গতকাল কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক রেজাউল আহসানের কাছে ব্যাখ্যা চায়। ব্যাখ্যা চাওয়ার পর পরই রেজাউল আহসান গতকাল তাঁর কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হালিম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। আজ বুধবার ওই ব্যাখ্যার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন রেজাউল আহসান।কমিশন সচিবালয় সূত্র জানায়, সীমানা নির্ধারণ কর্মকর্তা রেজাউল কুমিল্লার সাবেক দুটি পৌরসভার ওয়ার্ড ও চৌহদ্দি অখণ্ড বা বহাল রেখে সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করেন। এ বিষয়ে তিনি গত ২০ অক্টোবর স্থানীয় সরকার বিভাগে একটি প্রতিবেদনও পাঠান। কিন্তু স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত যে গেজেট প্রকাশ করে, তার সঙ্গে মূল প্রতিবেদনের মিল নেই। গেজেটে ২৪ নম্বর ওয়ার্ডের সঙ্গে লালমাইয়ের আংশিক এবং ২২ নম্বর ওয়ার্ডের সঙ্গে দক্ষিণ গোপীনাথপুরের আংশিক এলাকা যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের মতে, এ অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তা নিয়ে আইনি জটিলতা দেখা দিতে পারে।কমিশন সচিবালয় সূত্র আরও জানায়, গত ৯ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে তার কপি এখনো নির্বাচন কমিশনে পাঠায়নি। তবে কমিশন নিজেদের উদ্যোগে গেজেটের কপি সংগ্রহ করেছে। যে কারণে নির্বাচন কমিশন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে গতকাল বৈঠক করে মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে। জটিলতা সম্পর্কে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে বলা হয়েছে, ‘এটা বড় কোনো সমস্যা নয়। কিন্তু আমরা তাতে সন্তুষ্ট নই। কমিশন মনে করে, তফসিল ঘোষণার আগেই সীমানা-সংক্রান্ত জটিলতা নিরসন করা প্রয়োজন। তা না হলে আইনি জটিলতার আশঙ্কা থেকে যাবে। সে জন্য জটিলতা দ্রুত নিরসনের জন্য মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠানো হবে। নইলে আইনে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।’ সীমানা নিয়ে আইনি জটিলতা নেই: কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক বলেন, সিটি করপোরেশনের ২২ ও ২৪ নম্বর ওয়ার্ড দুটির সীমানা নিয়ে সংবাদপত্রগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। এতে জেলা প্রশাসকের প্রতিবেদন ও গেজেটে দুই রকম থাকার কথা উল্লেখ করা হয়েছে। মূলত ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপীনাথপুর এলাকায় ২২৪টি দাগ রয়েছে। এর মধ্যে ১ থেকে ৬০ নম্বর দাগের সীমানাকে ওই ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্য দাগগুলো ওই ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ, সদর দক্ষিণ পৌরসভার সীমানা থাকার সময় অন্য দাগগুলো পৌরসভার অধিভুক্ত ছিল না। অন্যদিকে ২৪ নম্বর ওয়ার্ডের লালমাই এলাকার মধ্যে শতাধিক দাগের সীমানা রয়েছে। এর মধ্যে কেবল লালমাই মৌজার তিনটি দাগের এলাকা বার্ড, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যগুলো করা হয়নি। যে কারণে গেজেটে ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপীনাথপুর ও ২৪ নম্বর ওয়ার্ডের লালমাইয়ের সঙ্গে আংশিক শব্দটি জুড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে আশঙ্কা প্রকাশের কোনো কারণ নেই। একই কথা বলেন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল আহসান। তিনি প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের সীমানা নিয়ে কোনো ধরনের আইনি জটিলতা নেই। সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর দক্ষিণ পৌরসভার নয়টি ওয়ার্ডের সীমানা ঠিক রেখে উভয় পৌরসভাকে একীভূত করে সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়। এ ক্ষেত্রে কোনো এলাকাকে বাতিল বা নতুন করে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই ওয়ার্ড বিভক্তিকরণ ও সীমানা নির্ধারণ নিয়ে কোনো বিতর্ক ওঠার প্রশ্নই আসে না।