সীমানা প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে ২ জন গুলিবিদ্ধ
পুরান ঢাকার সূত্রাপুরে রূপায়ণ ডেভেলপার নামে একটি নির্মাণপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে একপক্ষের গুলিতে দুজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁরা হলেন রিপন (২৫) ও তাঁর খালা কুলসুম (৪০)।আহত কুলসুম ও স্থানীয় যুবক বাবু জানায়, ৫৭/এ স্বামীবাগ, সূত্রাপুর এ জায়গাটি রূপায়ণ ডেভেলপারের। এ জায়গায় কোম্পানির আনসাররা থাকেন এবং এর পাশের জমিতে মালিকের পক্ষের লোকজন ঘর বানিয়ে থাকে। আজ সকালে আনসাররা জমি দুটির মধ্যখানে সীমানা প্রাচীর ভাঙা দেখতে পেয়ে এলাকাবাসী ও পাশের জমির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁরা পাশের জমির লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ওই দুজনকে গুলি করেন। কুলসুম জানায়, রিপন তখন দাঁত ব্রাশ করছিল। আনসারদের গুলি রিপনের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়; আর তাঁর হাতের কবজিতে গুলি লাগে।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে রয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।