হলফনামায় মিথ্যা তথ্য দিলে মেয়র বা কাউন্সিলর পদে থাকার অযোগ্য হবেন—এই বিধান রেখে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০১০’ পাস হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন।সংশোধিত আইন অনুযায়ী, নির্বাচনের পর পৌরসভার মেয়াদকালে কখনো যদি প্রমাণিত হয় যে মেয়র বা কাউন্সিলর মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছিলেন, সে ক্ষেত্রে ওই ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে থাকার অযোগ্য হবেন। এ ছাড়া বিদ্যমান আইন অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যা ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখে সীমানা বিন্যাসের যে বিধান রয়েছে, তা বাতিল করা হয়েছে।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিলটি জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং এর ওপর সংশোধনী প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।বিলের উদ্দেশ্য ও কারণ অনুচ্ছেদে বলা হয়েছে, বিদ্যমান বিধান অনুযায়ী ওয়ার্ডের সীমানা বিন্যাস করা হলে কতিপয় ক্ষেত্রে এলাকা বা মৌজা খণ্ডিত হয়ে যাবে। সে ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।এ প্রসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, অতীতে স্বৈরশাসকেরা জাতীয় রাজনীতিকে বিরাজনৈতিকীকরণের জন্য স্থানীয় সরকারকে ব্যবহার করেছেন। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তাঁরা বিভিন্ন সময়ে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করেছেন। এর মাধ্যমে স্থানীয় সরকারপ্রতিষ্ঠানকেও বিরাজনৈতিকীকরণ করা হয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একই চেষ্টা চালানো হয়েছিল।সৈয়দ আশরাফুল আরও বলেন, ‘ভবিষ্যতে স্থানীয় নির্বাচনও দলগতভাবে করা যায় কি না, সেটা আমাদের বিবেচনায় রয়েছে। তবে এ জন্য সবার সঙ্গে পরামর্শ করতে হবে।’সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।