সীমানাপ্রাচীরহীন সরকারি কোয়ার্টার
বগুড়ার ধুনট উপজেলা স্টাফ কোয়ার্টারগুলোর নির্মাণের ২৬ বছর পরও সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়নি। এ কারণে কোয়ার্টার এলাকায় সন্ধ্যার পরে বসে মাদকসেবী ও বখাটেদের আড্ডা। ফলে হাজারো সমস্যা নিয়ে কোয়ার্টারের বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য ১৯৮৪ সালে স্টাফ কোয়ার্টারগুলো নির্মাণ করা হয়। সীমানাপ্রাচীর না থাকায় পার্শ্ববর্তী জমির মালিকেরা সরকারি জায়গা নিয়ে অবাধে বাসাবাড়ি করছেন। অথচ অবৈধ দখলদারদের দেখার কেউ নেই। কোয়ার্টার এলাকায় ছিচকে চোরের উপদ্রব বেড়ে গেছে। দুর্বৃত্তরা নলকূপের মাথা খুলে নিয়ে যায়। বখাটে যুবক ও ছিনতাইকারীরা নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে। ওই এলাকা মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়। এসব কারণে সন্ধ্যার পর কোয়ার্টারের লোকজন বাসার বাইরে বের হতে ভয় পায়। বৈদ্যুতিক খুঁটিগুলোতে রাতের বেলায় আলোর ব্যবস্থা করা হয়নি। এ জন্য সন্ধ্যার পর এলাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করে।গোড়াসাইবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম বলেন, ‘কোয়ার্টারগুলোর সীমানাপ্রাচীর না থাকায় এখানকার বাসিন্দাদের অনেক সমস্যার মধ্যে থাকতে হচ্ছে। সন্ধ্যার পর বখাটেদের আড্ডা, মাদকসেবী ও চুরি-ছিনতাইকারীদের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। আমরা এখানে চরমভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুন জানান, স্টাফ কোয়ার্টারগুলোতে মাঝেমধ্যেই সংস্কারকাজ করা হয়। সীমানাপ্রাচীর নির্মাণ করা প্রয়োজন। কিন্তু ওই পরিমাণ অর্থ উপজেলা পরিষদের তহবিলে নেই। তবে ভবিষ্যতে সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে।