সীমানাবিন্যাসে প্রাধান্য পাবে আ.লীগের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ-সম্পর্কিত সংলাপের অর্জন নিয়ে হতাশ নির্বাচন কমিশন। কারণ বিএনপিসহ ১০টি রাজনৈতিক দল সংলাপ বর্জন করেছে। আর যেসব দল সংলাপে অংশ নিয়েছে, তাদের বেশির ভাগের কাছ থেকে আসনের সীমানাবিন্যাস সম্পর্কে সুস্পষ্ট কোনো পরামর্শ পাওয়া যায়নি। উল্টো কয়েকটি দল কমিশনের প্রতি পরোক্ষভাবে অনাস্থা প্রকাশ করেছে।এই হতাশা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আজ সোমবার আসনের সীমানাবিন্যাসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে। কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, আসনবিন্যাসের ক্ষেত্রে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রস্তাব প্রাধান্য পেতে পারে। এর ফলে সিংহভাগ আসন অপরিবর্তিত থাকবে। সর্বোচ্চ ৩০ থেকে ৪০টি আসনে ছোটখাটো কিছু পরিবর্তন আসতে পারে। আর ঢাকার আসন ২০টিতেই সীমাবদ্ধ থাকবে। সীমানা পুনর্নির্ধারণ আইন ১৯৭৬ অনুযায়ী, প্রশাসনিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানা এমনভাবে বিন্যাস করতে হবে, যাতে প্রতিটি আসন একটি নিবিড় এলাকা হয়। বিন্যাসের সময় সর্বশেষ আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বণ্টনের বিষয়টি যত দূর সম্ভব বিবেচনায় নিতে হবে। ২০০৮ সালে ইসি জনসংখ্যাকে প্রাধান্য দিয়ে সংসদীয় আসনের সীমানাবিন্যাস করে, যাতে প্রায় ৫০টি আসনে বড় ধরনের এবং ১০০টির মতো আসনে ছোটখাটো পরিবর্তন আসে। আর জনসংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকার আসনসংখ্যা ১৩ থেকে ২০-এ উন্নীত হয়। তবে বিদায়ের আগে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ঢাকা শহরের আসনসংখ্যা ১০-এ সীমাবদ্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়ে গেছেন। এ বিষয়ে তাঁরা আইন সংশোধনের প্রস্তাবও করেন। কিন্তু আইন মন্ত্রণালয় প্রস্তাবটি বর্তমান কমিশনের কাছে ফেরত পাঠিয়েছে। কমিশন আইন সংশোধন না করে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সীমানাবিন্যাসের সিদ্ধান্ত নেয়। এই পদ্ধতি নির্ধারণের জন্যই কমিশন নিবন্ধিত ৩৮টি দলকে সংলাপে বসার আমন্ত্রণ জানায়। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগসহ মোট ৩০টি দল সংলাপে অংশ নেয়। বিএনপিসহ ১০টি দল সংলাপ বর্জন করে। মহাজোট সরকারের শরিক দল জাসদও সংলাপে অংশ নেয়নি। এ নিয়ে কমিশনারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সংলাপ বর্জন করা বাকি আটটি দল হলো জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ও এলডিপি। আসনের সীমানাবিন্যাস আলোচ্যসূচি থাকলেও সংলাপে অধিকাংশ দলের কাছে বেশি গুরুত্ব পেয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন, নির্বাচনের সময় সরকারের ওপর কমিশনের কর্তৃত্ব বাড়ানো এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ইত্যাদি। কিছু দল প্রশাসনিক সুবিধাকে গুরুত্ব দিয়ে আসনের সীমানাবিন্যাস করতে বলেছে। আওয়ামী লীগ এখন সীমানাবিন্যাস না করে তা ২০১৮ সালে করার প্রস্তাব দেয়। সংলাপে কয়েকটি দল বর্তমান কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ৮ ডিসেম্বর বিকল্পধারা বাংলাদেশ যে প্রস্তাব দিয়েছে, তাতে পরোক্ষভাবে কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করা হয়েছে। এই দলের মহাসচিব আবদুল মান্নান বলেছেন, দলীয় সরকারের অধীনে নিয়োগপ্রাপ্ত কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়। তাই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে। কমিশনের উদ্দেশে মান্নান বলেন, ‘২০০৭ সালে তত্ত্বাবধায়কব্যবস্থার অধীনে কমিশন গঠন হয়েছে। এবারও তত্ত্বাবধায়কব্যবস্থা আসবে এবং সেই ব্যবস্থার অধীনে কমিশন গঠন হবে। সেই কমিশনে যদি সরকার আপনাদের রাখে, তাতে আমরা আপত্তি করব না।’ কমিশন সচিবালয় সূত্র জানায়, বিকল্পধারার প্রস্তাবে নির্বাচন কমিশনাররা মর্মাহত হয়েছেন। সংলাপের অর্জন সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, বাকি ১০টি দল সংলাপে অংশ নিলে সেটা অনেক অর্থবহ হতো। কমিশন তাদের কাছ থেকে অনেক মূল্যবান পরামর্শ পেতে পারত। কমিশন সচিবালয় সূত্র জানিয়ে, এবার সীমানা বিন্যাসের জন্য কমিশন ২০০৮ সালে অনুসৃত জনসংখ্যানির্ভর সীমানাবিন্যাস পদ্ধতি বাদ দিয়ে প্রশাসনিক বিন্যাসকে প্রাধান্য দেবে। আসনের সীমানাবিন্যাসের ব্যাপারে এখন পর্যন্ত অর্ধশতাধিক আবেদন জমা পড়েছে। যেসব এলাকায় ২০০৮ সালে আসন কমে গিয়েছিল, সেসব এলাকা থেকেই বেশি আবেদন এসেছে। এসব আবেদনের ওপর ভিত্তি করেই এবারের আসন বিন্যাস করা হবে। জানতে চাইলে কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, দুই বা ততোধিক উপজেলার অংশবিশেষ নিয়ে যেসব সংসদীয় আসন গঠিত হয়েছে, সেগুলোকে এক উপজেলায় আনার চেষ্টা করা হবে। এর বেশি পরিবর্তন আনতে গেলে অনেক জটিলতা তৈরি হতে পারে।