সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে ও সতর্ক থাকতে বিডিআর ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।আজ রোববার চোরাচালান প্রতিরোধ কমিটির ৪৭তম সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দেন।মন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে সীমান্ত পিলার ভেঙে গেছে। বাংলাদেশের অনেক অংশে ভারতের এবং ভারতের অনেক অংশে বাংলাদেশের পিলার ঢুকে যাচ্ছে। এ ব্যাপারে বিডিআর ও কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।কমিটির আগের বৈঠকে চোরাকারবারীদের গডফাদারদের দ্রুত গ্রেপ্তার করা হবে—এমন ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, অনিষ্পন্ন থাকা চোরাচালানি মামলাগুলোর তদন্তকালে গডফাদারদের সম্পর্কে তথ্য বের হয়ে আসবে।গত বছরের আগস্ট থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত সারা দেশে তিন লাখ ৪০ হাজার অভিযান চালানো হয়। এতে ২২৯টি আগ্নেয়াস্ত্র ও ৪২২ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। আটক করা হয় নয় হাজার ১৩২ জনকে।বৈঠক সূত্রে জানা যায়, বর্তমানে ২২ হাজার ৯৬৭টি চোরাচালান মামলা অনিষ্পন্ন আছে। তদন্তাধীন আছে তিন হাজার ৯৬৯টি মামলা।সাহারা খাতুন বলেন, অনিষ্পন্ন মামলা শিগগিরই নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, রেলের মাধ্যমে চোরাকারবারীরা পণ্য পাচার করে। নির্দিষ্ট স্টেশনে না থামিয়ে ট্রেন যেখানে সেখানে থামিয়ে মালামাল ওঠানো-নামানো হয়। ট্রেন যেখানে সেখানে না থামানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।আজকের বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোহবান শিকদার, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।