সীমান্ত চুক্তি নিয়ে সংবিধান সংশোধনী বিল উত্থাপিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের প্রচণ্ড হইচইয়ের মুখে গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতবি হয়ে গেছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি নিয়ে প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিল উত্থাপিত হয়নি।কয়লাখনি কেলেঙ্কারি ও টেলিফোন-সংক্রান্ত দুর্নীতির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগ ও আইনমন্ত্রী অশ্বিনী কুমারকে বরখাস্তের দাবিতে গতকাল রাজ্যসভা ছিল উত্তপ্ত। কয়লাখনি প্রকল্প ও ২-জি কেলেঙ্কারির ঘটনায় তাঁদের পদত্যাগ ও বরখাস্তের দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল বিজেপি। বিরোধী দলের সাংসদদের উত্তপ্ত বাক্যবাণ ও হইচইয়ের মুখে গতকাল অধিবেশনের ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিন বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।১৯৭৪ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুমোদনের জন্য ভারতের সংবিধানের ১১৯তম সংশোধনী বিল গতকাল রাজ্যসভার অধিবেশনে উত্থাপনের জন্য তালিকাভুক্ত ছিল। রাজ্যসভার অধিবেশনে নির্ধারিত কোনো ইস্যুতে আলোচনা হয়নি।অধিবেশনের শুরুতে বিরোধী দল হইচই শুরু করলে বেলা ১১টায় একবার অধিবেশন মুলতবি করা হয়। পরে দুপুর ১২টায় পুনরায় অধিবেশন শুরু হলে বিরোধী দলের হইচইয়ের মুখে আবারও তা মুলতবি হয়ে যায়। সর্বশেষ বেলা দুইটার দিকে ফের অধিবেশন শুরু হয়। কিন্তু বিরোধী দলের অসহযোগিতার মুখে ডেপুটি চেয়ারম্যান বৃহস্পতিবার সকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশ তাদের অভ্যন্তরে অবস্থানরত ছিটমহলগুলো বিনিময় করতে পারবে; এ ছাড়া দুই দেশের অপদখলীয় ভূমি নিয়ে সমস্যারও সমাধান হবে। ভারতের ভূখণ্ডে রয়েছে বাংলাদেশের ৫১টি ছিটমহল; আর বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে ভারতের ১১১টি ছিটমহল। বাসস ও পিটিআই।