তিস্তার পানি বণ্টন চুক্তি ও স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে দুই সরকারের মধ্যে মতৈক্য আছে। আর সীমান্ত চুক্তির বিষয়টি সুরাহার জন্য ভারতের বিরোধী দল বিজেপির সহায়তা পাওয়া যাবে। দুই প্রতিবেশী দেশের অমীমাংসিত বিষয়গুলোর সুরাহায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বৃহস্পতিবার এ আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি গতকাল বিকেলে দিল্লিতে একটি সেমিনারে প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন। দিল্লির গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত চতুর্থ আর কে মিশ্র স্মারক বক্তৃতা দেন দীপু মনি। ‘বাংলাদেশ, ভারত ও তাদের প্রতিবেশীদের নিয়ে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকা ব্যবস্থাপনা রূপকল্প’ শীর্ষক বক্তৃতায় উন্নয়নের রূপরেখা তুলে ধরেন তিনি। স্মারক বক্তৃতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর। প্রসঙ্গত, আর কে মিশ্র বা ঋষি কান্ত মিশ্র হচ্ছেন ভারতের প্রয়াত সাংবাদিক, রাজনীতিবিদ ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।স্মারক বক্তৃতা অনুষ্ঠানের শুরুতে ছিল বক্তৃতা পর্ব। এরপর প্রশ্নোত্তর পর্ব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তিন দিনের সফরে গতকাল সকালে দিল্লিতে এসে পৌঁছান। এ সফরের সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপির নেতা অরুণ জেটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রশ্নোত্তর পর্ব: প্রশ্নোত্তর পর্বে তিস্তা ও সীমান্ত চুক্তির মতো দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি বিজেপির সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার প্রসঙ্গ এসেছে। তেমনি এসেছে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংককে নিয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা, মানবতাবিরোধী বিচারের প্রসঙ্গ। তিস্তা ও সীমান্ত চুক্তি নিয়ে তিনি কতটা আশাবাদী, বিষয়গুলোর সুরাহা না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, ‘বিষয় দুটি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী, মীমাংসা হয়ে যাবে। এটা ঠিক, সিটি নির্বাচনের ফল আমাদের বিরুদ্ধে গেছে। কিন্তু এটাও ঠিক, সাধারণ নির্বাচন ও স্থানীয় নির্বাচন এক নয়। তা ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক যথেষ্ট ভালো। দুই প্রতিবেশীর সম্পর্কোন্নয়নে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ নির্বাচনের সময় মানুষ আমাদের উদ্যোগকে নিশ্চিতভাবে সমর্থন করবেন।’ এক প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, আজ শুক্রবার বিজেপির নেতা অরুণ জেটলির সঙ্গে বৈঠকে সীমান্ত চুক্তির বিষয়টি সুরাহার জন্য তাঁর দলের সহযোগিতা চাওয়া হবে। আর অমীমাংসিত বিষয়টি সুরাহায় বিজেপির সমর্থন পাওয়া যাবে। গ্রামীণ ব্যাংক নিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের সৃষ্ট দূরত্ব সম্পর্কে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক একটি বিধিবদ্ধ সংস্থা। এর কিছু নিয়মকানুন আছে, যা অনেক ক্ষেত্রে পালিত হয়নি। তার ভিত্তিতেই সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। আসলে দেশে-বিদেশে এই সংস্থাটিকে নিয়ে অনেক মিথ তৈরি হয়েছে।’ মানবতাবিরোধী বিচার এবং এই বিচার-প্রক্রিয়াকে কেন্দ্র করে বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের দীর্ঘদিনের দাবির পূরণ হচ্ছে। মানুষ দেখেছে, এই বিচার কতখানি নিরপেক্ষ হতে পারে।’বক্তৃতা পর্ব: দীপু মনি বলেন, ‘নিজেদের আমরা যেভাবেই দেখি না কেন, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় অনেক কিছুই আমরা নিকট প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করি। দেশের সীমানা ছাড়িয়ে এই অববাহিকার ব্যাপ্তি। এসব বিষয়, যেগুলোর চরিত্র আজ বহুদিন আন্তর্জাতিক হয়ে গেছে। সেগুলোর দিকেই আমাদের ভবিষ্যতে নজর দেওয়া উচিত। এগুলোর ওপরই নির্ভরশীল এই অববাহিকার মানুষের ভবিষ্যৎ।’ আলোচনায় ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি বলেন, চীনের কুনমিং ইনিশিয়েটিভ বছর কয়েক ধরে যে সহযোগিতার ওপর জোর দিয়েছে, দীপু মনি তারও কয়েক ধাপ এগিয়ে ভেবেছেন। সহযোগিতার ক্ষেত্রে তিনি শুধু নদীর পানিসম্পদই নয়, খনিজ ও সামুদ্রিক সম্পদকেও টেনে এনেছেন।ভারতের সাবেক পররাষ্ট্রসচিব মুচকুন্দ দুবে বলেন, ‘আগামী দিনের চিন্তার অনেক খোরাক জোগাবে এই বক্তৃতা। বিচ্ছিন্নভাবে সমস্যাকে দেখা ও মোকাবিলার দিন শেষ, এটাই উনি বোঝাতে চেয়েছেন।’শুক্রবারে কর্মসূচি: তিন দিনের এই সফরের দ্বিতীয় দিনে আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন দীপু মনি। সন্ধ্যায় তিনি বিজেপির রাজ্যসভার নেতা অরুণ জেটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সীমান্ত চুক্তি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজি হয়েও আসাম ও পশ্চিমবঙ্গের নেতাদের আপত্তিতে তাঁরা পিছিয়ে এসেছেন। দেশে নির্বাচনী দামামাও গেছে বেজে। এ অবস্থায় ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনে সীমান্ত চুক্তি বিলটি অনুমোদনের সম্ভাবনা কতটা, বিজেপি আগের মতো আপত্তি জানাবে কি না, জেটলির সঙ্গে বৈঠকে দীপু মনি সেটা জানার চেষ্টা করবেন।