সীমান্ত থেকে গ্রেপ্তার জাকিরকে নিয়ে ঢাকায় পুলিশের অভিযান
যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা জাকির হোসেন ওরফে রূপককে নিয়ে গতকাল শুক্রবার অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গত বৃহস্পতিবার রাতে বেনাপোল থেকে তাঁকে ঢাকায় নিয়ে আসে। সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতীয় কর্তৃপক্ষ ওই দিন জাকিরকে বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেয়। এর আগে ভারত থেকে ১৩ জন সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। তিন বছরে আনা এসব সন্ত্রাসীর একজন ছাড়া বাকি সবাই কারাগারে আছেন।ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জাকিরের পূর্ববর্তী অপরাধ সম্পর্কে পুলিশ কিছু জানে না। অভিযোগ খুঁজতে গতকাল তাঁকে নিয়ে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে তাঁকে আদালতে পাঠানো হবে। সূত্র জানায়, কলকাতায় গ্রেপ্তার হওয়া পুরান ঢাকার ভয়ংকর সন্ত্রাসী ডাকাত শহীদ, কুষ্টিয়ার গণমুক্তিফৌজের প্রধান আমিনুল ইসলাম ওরফে মুকুল ও সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আসামি দীপুকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে। তবে পুলিশের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, গত বছরের ১৯ জানুয়ারি ভারতের পুরির একটি হোটেল থেকে ডাকাত শহীদকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা আছে। রাজধানীতে তাঁর একটি সন্ত্রাসী দলও সক্রিয় আছে। তিনি ভারতের বিভিন্ন শহরে বসে টেলিফোনে বাংলাদেশে চাঁদাবাজি করতেন। মুকুল গ্রেপ্তার হন গত ডিসেম্বর মাসে। এ ছাড়া কলকাতার পুলিশ এক বছর আগে দীপুকে গ্রেপ্তার করে। এ তিনজনই বর্তমানে পশ্চিমবঙ্গের কারাগারে আটক রয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা জানান, রাজধানীর আরও দুই শীর্ষস্থানীয় সন্ত্রাসী জয় ও হারিছ কলকাতার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে তাঁদের কাছে খবর আছে।সূত্র জানায়, ২০০৭ সালের নভেম্বরে ভারতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সন্ত্রাসী সানজিদুল হক ওরফে ইমন, হাবিবুর রহমান তাজ ওরফে নাইমুল হাসান, সোহেল ইব্রাহীম, বিপ্লব ওরফে লম্বা সেলিম, ইসহাক, সূত্রাপুরের রফিক মল্লিক ওরফে ইব্রাহিম মল্লিক এবং টাঙ্গাইলের বাবুল ওরফে জুয়েলসহ আটজনকে ফেরত আনে সিআইডি পুলিশ। পরে সাজু, জব্বার, হাবিব, রনি ও পিয়ালকে ফিরিয়ে আনা হয় বলে জানা গেছে। তবে পিয়ালের ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেনি।