সীমান্ত থেকে পাঁচ শিশুকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী মিনাপুর গ্রামের পাঁচ শিশুকে গতকাল শুক্রবার ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বিএসএফ। এলাকাবাসী জানায়, সীমান্তবর্তী জলাশয়ে মাছ ধরতে গিয়ে নিজেদের অজান্তে নো ম্যানস ল্যান্ডে ঢুকে পড়লে বিএসএফের হাতে আটক হয় তারা। শিশুদের টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ জওয়ানেরা।পাঁচ শিশু হলো মিনাপুর গ্রামের দেনিয়াল হকের ছেলে পানিয়া (১৫), কুদ্দুসের ছেলে শাহাবুদ্দীন (১৩), নজরুল ইসলামের ছেলে মন্টু (৭), আফতাব উদ্দীনের ছেলে রায়হান (৮) ও জয়নাল আবেদিনের ছেলে সেতাবুল ইসলাম (১০)।শিশুদের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই পাঁচ শিশু মাছ ধরার জন্য সীমান্ত এলাকার জলাশয়ে জাল পেতে বাড়ি ফিরে যায়। গতকাল ভোরে তারা পেতে রাখা জালগুলো তুলে আনতে যায়। সে সময় সীমান্তের ৩৫৪ নম্বর মেইন পিলারের কাছে পাটগাছের আড়ালে লুকিয়ে থাকা বিএসএফ জওয়ানেরা তাদের ঘিরে ফেলে। এরপর বিএসএফ জোওয়ানেরা তাদের সীমান্তের ওপারে নিয়ে য়ায়।বিডিআরের হরিপুর সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবরটি জানার পর আতিয়ার রহমান ও হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোদা বকশ তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের অনুরোধ করেন। কিন্তু গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিএসএফ তাদের অনুরোধে সাড়া দেয়নি বলে জানা গেছে।