সীমান্ত থেকে রাজধানী—মাদকের শক্তিশালী জাল
দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক ঢুকে ছড়িয়ে পড়ছে সারা দেশে। এর অধিকাংশেরই গন্তব্য রাজধানী ঢাকা। মাদক ব্যবসায়ীদের সারা দেশে ছড়িয়ে থাকা শক্তিশালী জালের মাধ্যমে সহজে ছড়িয়ে পড়ছে মাদক। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় আরও সুচারুভাবে চলছে এ ব্যবসা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের তথ্যমতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাঠপর্যায়ের লোকজন ধরা পড়লেও মূল হোতারা সব সময় রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, মাদককে এখন প্রধান অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। মাদক ব্যবসায়ী গ্রেপ্তারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ চেষ্টা করছে মাদক ব্যবসা যাতে নিয়ন্ত্রণে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, মাদক পাচার বন্ধে ভারতের সঙ্গে চুক্তির পর ফেনসিডিল পাচার কমে গেছে। এখন মিয়ানমারের সঙ্গে যে চুক্তি আছে, তা কার্যকর করার জন্য চিঠি দেওয়া হয়েছে। এ চুক্তি কার্যকর হলে ইয়াবা পাচার কমে যাবে। মাদকের বিরুদ্ধে অভিযানে এখন বড় ভূমিকা রাখছে র্যাব। র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, মাদক ব্যবসা ও ব্যবহারে জড়িত ব্যক্তিদের আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা ধরে আদালতে পাঠানো মাত্র জামিনে মুক্তি পাচ্ছে। জামিনযোগ্য সব ধারা পরিবর্তন করে অজামিনযোগ্য করা এখন সময়ের দাবি। তা না হলে এ অপরাধ কমবে না, কমবে না মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্কও। মাদকের রুট: গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা হলেও এর মূল বাজার হলো রাজধানী ঢাকা। বিভিন্ন সংস্থার জরিপ থেকে ধারণা করা হয়, দেশে ২৫ লাখের মতো মাদকসেবী আছে। এর বেশির ভাগেরই বাস রাজধানীতে। এ কারণে রাজধানীতে মাদকের চাহিদাও সবচেয়ে বেশি। সূত্রমতে, রাজধানীর বাজারে মাদক আসে পাঁচটি পথে। এগুলো হলো, ভারত থেকে সাতক্ষীরা ও যশোর হয়ে সড়কপথে, রেলপথে আখাউড়া হয়ে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ উত্তরাঞ্চল থেকে সড়কপথে এবং কুমিল্লার বুড়িচং হয়ে সড়কপথে মাদকের চালান ঢাকায় আসছে। তবে মাদক ইয়াবা সব সময়ই কক্সবাজার থেকে আসে। যশোর সীমান্ত: মাদক নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত সরকারি একাধিক কর্মকর্তা মনে করেন, কলকাতার সঙ্গে সহজ যোগাযোগের কারণে মাদক ব্যবসায়ীরা বেনাপোল সীমান্তকে মাদক পাচারের ‘নিরাপদ রুট’ হিসেবে বেছে নিয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর উপ-অঞ্চলের এক উপপরিচালক গত বছর ১১ মার্চ বেনাপোলে অভিযান চালিয়ে চার কেজি হেরোইনসহ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ ঘটনার তদন্তের পর বেনাপোলের সমীর রায়, শহীদুল ইসলাম, আশরাফুল ইসলাম ওরফে বেড়ে বাবুকে গ্রেপ্তার করা হয়। যশোর থেকে মূলত বাসে আসে ঢাকায়। এ জন্য রয়েছে বিভিন্ন বয়সের বাহক।চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী রুট: ভারতীয় সীমান্তবর্তী রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলার অন্তত ১৯টি ঘাট দিয়ে মাদকদ্রব্য ১৫টি গ্রাম ও মহল্লার আখড়ায় চলে আসে। তারপর সেখান থেকে স্থানীয় মাদক ব্যবসায়ীদের মাধ্যমে তা দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। স্থানীয় সূত্রমতে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ওপারে ভারত সীমান্তের ভেতরে মালদহ ও মুর্শিদাবাদ জেলায় ১০টি ফেনসিডিলের কারখানা আছে। সীমান্তঘেরা রাজশাহীর তিনটি উপজেলা গোদাগাড়ী, চারঘাট ও বাঘার অন্তত ১৯টি ঘাট দিয়ে ফেনসিডিল ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে ঢুকছে। এরপর ট্রেনে ও বাসে করে এগুলো ঢাকায় পাঠানো হয়। ঘাটগুলো হলো: গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ, রেলবাজার, হাটপাড়া ও সুলতানগঞ্জ। এ ছাড়া চারঘাটের রাওথা, পিরোজপুর, বাঘার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ, পানিকামড়া ও আলপাইপুর ঘাট আছে। নাটোরের লালপুর ও দিনাজপুরের হিলি থেকে মাদক আসে। ঢাকায় এসে এসব মাদক ছড়িয়ে পড়ছে অন্যত্র। সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্ত দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ মাদক, বিশেষ করে ফেনসিডিল ভারত থেকে বাংলাদেশ ঢুকছে। এসব ফেনসিডিল স্থানীয় মাদক ব্যবসায়ীদের হাত ঘুরে পৌঁছে যাচ্ছে ঢাকা, বরিশাল খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে। একজন মাদক ব্যবসায়ী জানান, সীমান্তের ওপারে উত্তর চব্বিশ পরগনা জেলার মাদক ব্যবসায়ীরা কলকাতা, বারাসাত, হাবড়া, বসিরহাট থেকে ফেনসিডিল এনে বাংলাদেশ সীমান্তে মজুত করে রাখে। তারপর সুযোগ বুঝে পাচার করে বাংলাদেশে। কুমিল্লা ও আখাউড়া রুট: রাজধানীতে মাদকের বড় চালান আসে ট্রেনে করে। আখাউড়া সীমান্ত থেকে আসা এসব চালানে আসে মূলত ফেনসিডিল। ঢাকার কমলাপুর ও আশপাশের স্টেশনে এসব ফেনসিডিল নামানো হয়। ত্রিপুরার আগরতলা থেকে আসছে এসব ফেনসিডিল। মাদক ব্যবসায়ীরা আখাউড়া, চান্দুরা সড়ক হয়ে নারায়ণগঞ্জে ও ঢাকায় ফেনসিডিলের চালান পাঠাচ্ছে। রাজধানীতে এই চালান এসে পৌঁছায় টিটিপাড়া নাসিরের বস্তিতে। সেখানে পিপন ও বেলাল পাইকারি কেনাবেচা করে। নাসিরের সহযোগী স্বামীবাগ মুন্সিরটেকের মনির ও বুদ্দিন। মুনির বর্তমানে ভারতে অবস্থান করে চালান পাঠাতে সহায়তা করে। বুদ্দিন ছাড়াও মিল ব্যারাকের ডাকাত শহীদের লোকজন যাত্রাবাড়ী ও দোলাইরপাড় এলাকায় হেরোইন কেনাবেচা করে। কুমিল্লা থেকে হেরোইন আসে ধলপুর সিটিপল্লির হক্কা মহাজনের মেয়ে হোসনা ও গণকটুলী লেনের মুক্তারের কাছে। তারা পাইকারি বিক্রেতা বলে জানা গেছে।ইয়াবা রুট: নেশার বড়ি ‘ইয়াবা’ মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করে সারা দেশে ছড়িয়ে পড়ে। সূত্র জানায়, ইয়াবা পাচারকারী হিসেবে ৩৭৬ জনের নাম রয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন নারী। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালের দিকে টেকনাফে সর্বপ্রথম ইয়াবার চালান নিয়ে আসেন মিয়ানমারের নাগরিক পিচ্চি আনোয়ার। এখন টেকনাফের পাঁচ শতাধিক তরুণ যুবক ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। স্থানীয় কয়েকটি সূত্রে জানা গেছে, ঢাকার বায়তুল মোকারম মার্কেট এলাকার জাকির মোল্লা টেকনাফ থেকে আসা সিংহভাগ ইয়াবার চালান নিয়ে যেত। র্যাবের হাতে আটক ইয়াবা ব্যবসায়ী আমিন হুদার মূল সহযোগী এই জাকির। এ ছাড়া বাসাবোর হুমায়ুন, উত্তরার বাবুল, ফোরকান, গুলশানের দীপু টেকনাফ থেকে এখনো নিয়মিত ইয়াবার চালান ঢাকায় নিয়ে যায়। কক্সবাজারের টেকনাফের নেঙ্গুর বিল এলাকার মোস্তাক, দিদার, পশ্চিম গোদার বিলের সেলিম ফারুক, কুলালপাড়ার মোস্তাক, ডেইলপাড়ার রফিক, আমিন মাঠপর্যায়ের ইয়াবা ব্যবসায়ী হলেও টেকনাফের ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করেন এক সাংসদের দুই ভাই ও স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান। তাদের সঙ্গে ২২ জনের একটি সিন্ডিকেট রয়েছে। এরা ঢাকা থেকে চট্টগ্রামে ইয়াবা সরবরাহ করে। সীমান্তে ফেনসিডিলের কারখানা: ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় গড়ে উঠেছে নিষিদ্ধ মাদক ফেনসিডিল তৈরির ৩২টি কারখানা। এসব কারখানায় উৎপাদিত ফেনসিডিল চোরাপথে এসে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম প্রথম আলোক বলেন, বিএসএফের সঙ্গে বৈঠকে ফেনসিডিল কারখানার তালিকা দিয়ে ওই সব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। LiP: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, একজন মাদকাসক্ত প্রতিদিন মাদকের পেছনে গড়ে ৮৭ দশমিক ৫ টাকা খরচ করে। এই হিসেবে ২৫ লাখ মাদকাসক্ত প্রতি মাসে খরচ করে ৬৫৬ কোটি ২৫ লাখ টাকা, যা বছরে দাঁড়ায় সাত হাজার ৮৭৫ কোটি টাকায়।