পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ’৭৪-এর সীমান্ত প্রটোকল দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেছেন, অঙ্গীকার করে তা বাস্তবায়নের জন্য কাজ না করাটা বাংলাদেশ বা ভারত কারও জন্যই ভালো নয়। গতকাল মঙ্গলবার দিল্লিতে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকের পর মিজারুল কায়েস সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।সচিব জানান, তিস্তা চুক্তি সইয়ের পাশাপাশি দ্রুত সীমান্ত প্রটোকল বাস্তবায়নের জন্য ভারতকে ফের তাগিদ দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে সীমান্তে নিরস্ত্র লোকজনের প্রাণহানি রোধে দুই দেশের সীমান্তবর্তী জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়ার আশ্বাস দিয়েছে ভারত।এদিকে বৈঠকের পর দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিপাইমুখ প্রকল্পের প্রভাব খতিয়ে দেখতে যৌথ সমীক্ষা শুরুর জন্য দুই দেশের বিশেষজ্ঞদের প্রথম বৈঠক আগামী ২৭ ও ২৮ আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সচিবদের বৈঠকে গত মে মাসে পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে যৌথ পরামর্শক সভার (জেসিসি) আলোচনার ব্যাপারে সন্তোষ প্রকাশ করা হয়। গতকালের বৈঠকের পর সীমান্ত প্রটোকলের ব্যাপারে জানতে চাইলে মিজারুল কায়েস বলেন, ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার তাগিদ দিয়ে গত সেপ্টেম্বরে প্রটোকল সই হয়েছে। তাই এটি বাস্তবায়ন খুব গুরুত্বপূর্ণ।সচিব বলেন, একটি অঙ্গীকার করে তা বাস্তবায়নের জন্য কাজ না করাটা বাংলাদেশ বা ভারত কারও জন্যই ভালো নয়। তবে ভারতের পক্ষ থেকে প্রটোকল বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।তিস্তা চুক্তি সম্পর্কে জানতে চাইলে মিজারুল কায়েস বলেন, ‘ভারতের সঙ্গে আলোচনায় এ আভাস পেয়েছি যে তারা দ্রুত চুক্তি সই করতে আগ্রহী। তবে ভারতের কেন্দ্রীয় সরকার পরিচালনা পদ্ধতিতে রাজ্য ও কেন্দ্রের আলোচনার যে প্রক্রিয়া রয়েছে, তাদের আমাদের সে সুযোগটি দিতে হবে।’সীমান্তে হত্যার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করেন মিজারুল কায়েস। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা আবারও উদ্বেগ জানিয়েছি। আর ভারতের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার তাগিদ দেওয়া হয়েছে।’ সচিব বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তবর্তী জেলাগুলোতে প্রশাসনিক সমন্বয় ফের চালুর প্রস্তাব করা হয়েছে। ভারত তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে। এ ছাড়া আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কোনো ক্ষতি করা হবে না বলে আশ্বাস দেওয়ায় দিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন মিজারুল কায়েস। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রসচিব ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন ও পানিসম্পদসচিব ধ্রুব বিজয় সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।