বাংলাদেশের সঙ্গে ’৭৪-এর সীমান্ত চুক্তি প্রটোকল বাস্তবায়নের জন্য ভারতের লোকসভার আসন্ন বাজেট অধিবেশনেই সংবিধান সংশোধনী বিল পাস হবে। আর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দুই দেশের স্বার্থে সই হবে তিস্তার পানি বণ্টন চুক্তি। দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের অমীমাংসিত দুটি বিষয়ে এ আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। তিনি গতকাল শনিবার বিকেলে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। সালমান খুরশিদ এদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীপু মনির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। দুই পররাষ্ট্রমন্ত্রী তাঁদের বৈঠককে অত্যন্ত ‘ফলপ্রসূ ও ইতিবাচক’ হিসেবে দাবি করেন। তাঁরা বিদ্যুৎ, পানিসম্পদ ব্যবস্থাপনা, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, পরিবেশ ও শিক্ষাসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানান।এর আগে দুই মন্ত্রী বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা করেন। সভার পর মন্ত্রীরা আখাউড়া-আগরতলা রেললাইন স্থাপন ও গবেষণা সংস্থা বাংলাদেশ-ভারত ফাউন্ডেশন প্রতিষ্ঠার বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দ্বৈতকর পরিহারসংক্রান্ত একটি আনুষ্ঠানিক পত্র সই করেন। জেসিসি বৈঠকের পর দুই দেশের মধ্যে সই হওয়া গুচ্ছ সীমানা মানচিত্র বিনিময় হয়েছে। এ ছাড়া বাংলাদেশের সিডর-আক্রান্ত এলাকায় ভারতের সহযোগিতার নিদর্শন হিসেবে সৌরবাতি হস্তান্তর করা হয়।জেসিসির দ্বিতীয় বৈঠকে অংশ নিতে গতকাল সকালে ঢাকায় আসেন সালমান খুরশিদ। ২০১১ সালের সেপ্টেম্বরে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের সই করা উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি অনুযায়ী জেসিসি গঠন করা হয়। পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে এর সভায় সহযোগিতার বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা এবং নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়ে থাকে। তিস্তা ও সীমান্ত প্রটোকল শিগগিরই: ভারতের প্রধান বিরোধী দলের বিরোধিতার মুখে সীমান্ত প্রটোকলের জন্য সংবিধান সংশোধন করতে পারার ব্যাপারে তিনি কতটা আশাবাদী—সংবাদ সম্মেলনে এ প্রশ্নের ইতিবাচক জবাব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের বন্ধুদের আকাঙ্ক্ষার প্রতি ভারতের জনগণের সমন্বিত প্রয়াস রয়েছে। দুই দেশের পারস্পরিক স্বার্থেই এ সিদ্ধান্ত নিতে হবে।... দুই পক্ষই অন্যের আকাঙ্ক্ষা ও সংবেদনশীলতার প্রতি সহনশীলতা দেখিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। ভারতের প্রধান রাজনৈতিক গোষ্ঠীর বিরোধিতা আছে বলেই আমাদের এ ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।’ সালমান খুরশিদ জানান, ভারত এ বিষয়টি সুরাহার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়েই এগোচ্ছে। তিনি বলেন, সম্প্রতি সীমান্ত প্রটোকল বাস্তবায়নের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা কিছু শর্ত সাপেক্ষে এ বিষয়ে সমর্থনের আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কথা উল্লেখ করে সালমান খুরশিদকে প্রশ্ন করা হয়, তিস্তা চুক্তির বিষয়ে তিনি কতটা আশাবাদী। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তিস্তার অন্তর্বর্তীকালীন চুক্তির সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরাসরি যুক্ত। তাই পশ্চিমবঙ্গ সরকারকে নিয়েই আমরা বিষয়টির সুরাহা করতে চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। তিনি বাংলাদেশের একজন সুহূদ। এ ক্ষেত্রে তাঁর ওপর যে বিরাট দায়িত্ব অর্পিত রয়েছে, সে সম্পর্কে তিনি সচেতন রয়েছেন।’ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রত্যয়ের সঙ্গে বলেন, ‘আমি আপনাদের এটুকুই বলব, এ বিষয়গুলো সুরাহার ক্ষেত্রে আমাদের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আর এ বিষয়গুলো বাস্তবায়নে আমরা যে দৃঢ়প্রতিজ্ঞ তা পুনরায় উল্লেখ করছি।’ সংবিধান সংশোধনী বিলটি কবে পাস হবে জানতে চাইলে খুরশিদ বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে ভারতের লোকসভার বাজেট অধিবেশন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন অধিবেশনেই এটি পাস হবে।জামায়াত নিষিদ্ধের দাবি ও সন্ত্রাসবাদ: শাহবাগের চলমান সমাবেশ ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীকেই প্রশ্ন করেন সালমান খুরশিদের সফরসঙ্গী পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার সাংবাদিক জয়ন্ত ঘোষাল। আঞ্চলিক প্রেক্ষাপটেও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিটির গুরুত্ব রয়েছে—এ মন্তব্য করে তিনি বিষয়টি নিয়ে ভারত সরকারের ভাবনা জানতে চান। জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। দীপু মনি এ নিয়ে মন্তব্য করবেন। তবে তিনি শাহবাগের সমাবেশ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘নতুন প্রজন্ম যখন তাঁদের স্বপ্ন সবার সামনে তুলে ধরেন, তখন গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বলতর হয়ে ওঠে। কাজেই তরুণদের এ স্বপ্নের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল হওয়া উচিত। আর এখানে তরুণেরা তাঁদের দাবি নিয়ে যেভাবে সমবেত হয়েছেন, তাতে তাঁদের প্রতি অভিনন্দন জানাই।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ দমনে বাংলাদেশ যেভাবে সহায়তা করেছে, তার ভূয়সী প্রশংসা করেন। কৃতজ্ঞতা জানিয়ে সালমান খুরশিদ বলেন, এভাবে উদাত্ত সহযোগিতা করাটা সহজ নয়। দীপু মনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা হয় এবং ধর্মভিত্তিক দলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এখন তরুণ প্রজন্ম আবার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিটি তুলেছেন। আর এ দাবির প্রতি সমাজের সব অংশের সমর্থন রয়েছে। তাই তাঁরা এ সমাবেশকে সমর্থন করছেন। গণতান্ত্রিক এবং জনগণের সরকার হিসেবে গণদাবির বিষয়টি সরকার অবশ্যই বিবেচনা করবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনেরও দায়িত্ব পালন করার আছে। ট্রানজিট নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, ট্রানজিটসহ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে ট্রানজিটসংক্রান্ত যৌথ কর্মগোষ্ঠী এবং উপ-আঞ্চলিক সহযোগিতার নিরিখে শিগগিরই আলোচনা হবে।