সীমানা চিহ্নিত করা, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের বিষয়গুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে
সীমান্ত সমস্যা নিয়ে এ মাসেই দিল্লিতে বৈঠক
সীমান্ত বিরোধ নিয়ে কথা বলতে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত কার্যকরী দলের (জেবিডব্লিউজি) বৈঠক এ মাসের প্রথমার্ধে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করা, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের বিষয়গুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে।দীর্ঘ চার বছর পর অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।গত জানুয়ারির দিল্লি শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তির আলোকে সীমান্ত বিষয়ে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনায় বসবে জেবিডব্লিউজি।জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম প্রথম আলোকে বলেন, আগস্টের প্রথমার্ধে বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে ভারত প্রস্তাব দিয়েছে। তবে বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক হয়নি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১১ জানুয়ারি হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকেই যৌথ সীমান্ত দলের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো সময়সীমার কথা উল্লেখ করা হয়নি। ফলে ছয় মাস ধরে বৈঠক অনুষ্ঠানের বিষয়টি এগোয়নি। জুনের শেষ সপ্তাহে ভারত বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দেয়। ভারতের প্রস্তাবে জানানো হয়, আগস্টের শুরুতে দিল্লিতে তারা বৈঠক আয়োজনে আগ্রহী। এ ব্যাপারে বাংলাদেশ সাড়া দিলে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হবে।জানা গেছে, সীমান্ত বিরোধের বিষয়ে বাংলাদেশ আলোচনায় বসতে আগ্রহী। তাই ভারতের প্রস্তাবিত তারিখে বৈঠক অনুষ্ঠানে বাংলাদেশের দ্বিমত নেই।জেবিডব্লিউজের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৬ সালের জুলাইয়ে ঢাকায়। সেই বৈঠকে খুব একটা অগ্রগতি না হলেও যৌথ সীমান্ত টহলের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছিল। ওই বৈঠকে প্রতি বছর একবার আলোচনায় বসার সিদ্ধান্ত হয়। কিন্তু এরপর চার বছর কেটে গেছে কোনো বৈঠক হয়নি। উল্লেখ করা যেতে পারে, সেই বৈঠকটিও কাকতালীয়ভাবে বসেছিল চার বছর বিরতির পর। ২০০৬ সালের মার্চে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দিল্লি সফরের পর সীমান্ত সমস্যা নিয়ে ঢাকায় আলোচনায় বসেছিলেন দুই দেশের কর্মকর্তারা।বৈঠকে ভারতের পক্ষ থেকে সীমানা চিহ্নিত করার বিষয়ে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাবে ভারতের স্বার্থ প্রাধান্য পেয়েছে, এমন অভিযোগে বাংলাদেশ সে সময় তা প্রত্যাখ্যান করে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, শুধু সীমানা চিহ্নিত করার বিষয়ই নয়, ছিটমহল আর অপদখলীয় জমি হস্তান্তরের ব্যাপারেও গুচ্ছ প্রস্তাব দিতে হবে।আটকে আছে তিন দশক: দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশীর মধ্যে সীমান্ত রয়েছে চার হাজার ২৩ কিলোমিটার। এর মধ্যে মাত্র সাড়ে ছয় কিলোমিটার এখনো অচিহ্নিত রয়ে গেছে। সাড়ে ছয় কিলোমিটারের তিন কিলোমিটার সিলেটের কুলাউড়ার লাঠিটিলায়, দুই কিলোমিটার ফেনীর পরশুরামের মুহুরীরচরে আর বাকি দেড় কিলোমিটার রয়েছে লালমনিরহাটের বেরুবাড়ির দইখাটা-দুমাবাড়িতে। দুই দেশের ভেতরেই ছিটমহল রয়েছে। বাংলাদেশের ৯২টি ছিটমহল রয়েছে ভারতের দখলে। আর ভারতের ১০৬টি ছিটমহল আছে বাংলাদেশের দখলে। দুই দেশই একে অন্যের জমি অপদখল করে আছে। বাংলাদেশের ৫৫১ দশমিক ৮ একর জমি আছে ভারতের অপদখলে। আর বাংলাদেশের দখলে থাকা ভারতের অপদখলীয় জমির পরিমাণ ২২৬ দশমিক ৮১ একর।অচিহ্নিত সীমানা চিহ্নিতকরণ, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেওয়া আছে ‘বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তিতে’। ১৯৭৪ সালের ১৬ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী ওই চুক্তি সই করেন।