ছিটমহল, অপদখলীয় জমি বিনিময় সীমানা চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হচ্ছে এ মাসে
সীমান্ত-সমস্যার সুরাহা হচ্ছে
বাংলাদেশ-ভারত সীমান্তের দীর্ঘদিনের অমীমাংসিত তিনটি বিষয়—ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই এসব বিষয়ের সুরাহার প্রক্রিয়া শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তারা।আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে বিষয়গুলোর চূড়ান্ত মীমাংসার কথা বেশ জোরেশোরেই বলছেন দুই দেশের কর্মকর্তারা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ছিটমহল বিনিময়ের অংশ হিসেবে দুই দেশের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহলের জনগণনা শেষ হয়েছে। গণনায় দেখা গেছে, বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহলের লোকসংখ্যা ৩৭ হাজার। আর ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের লোকসংখ্যা ১৪ হাজার। কোন পদ্ধতিতে ছিটমহল বিনিময় হবে, জানতে চাইলে দায়িত্বশীল এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ছিটমহল বিনিময়ের প্রক্রিয়া কোন মানদণ্ডে হবে, সেটি রাজনৈতিকভাবে নির্ধারিত হবে। এ প্রসঙ্গে তিনি ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তির কথা উল্লেখ করেন।সীমান্ত চিহ্নিতকরণ চুক্তির তৃতীয় ধারায় বলা হয়েছে, জমি বিনিময়ের সময় লোকজন কোথায় থাকতে চান, সে ব্যাপারে তাঁদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। অর্থাৎ যে যেখানে আছেন, সেখানে থাকতে চাইলে তাঁদের সে ইচ্ছে পূরণ করতে হবে।অপদখলীয় জমি বিনিময় ও সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার প্রক্রিয়ায়ও অগ্রগতি দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানতে চাইলে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান গতকাল প্রথম আলোকে বলেন, অপদখলীয় জমি হস্তান্তরের অধিকাংশ সমস্যার সুরাহা হয়েছে। বাকি রয়েছে ৩৬০ একর ও ১২৫ একরের জমির দুটি বিষয়। এর মধ্যে প্রায় ১০০ বছরের প্রাচীন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথাল টি এস্টেটের ৩৬০ একর জমির বিষয়ে আজ (বুধবার) দুই দেশের কর্মকর্তারা বৈঠক করেছেন। আগামী সপ্তাহে ১২৫ একরের জমিটির বিষয়ে বৈঠক হবে। এ মাসের মধ্যেই এ বিষয় দুটির সুরাহার ব্যাপারে আশাবাদী তাঁরা। আবদুল মান্নান বলেন, সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ৩ আগস্ট দুই পক্ষ আলোচনার পর দইখাটার সীমানা চিহ্নিত করার ব্যাপারে চূড়ান্ত সমাধানে এসেছে। ওই সীমান্তের ৯১ একরের ৭১ শতক জমি বাংলাদেশের এবং ২০ একর ভারতের বলে সিদ্ধান্ত হয়েছে।প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি সেক্টরে সাড়ে ছয় কিলোমিটার সীমানা অচিহ্নিত রয়েছে। এর মধ্যে বাংলাদেশ-ত্রিপুরা সেক্টরের মুহুরীরচরে দুই কিলোমিটার, বাংলাদেশ-আসাম সেক্টরের লাঠিটিলা দুমবাড়ীতে তিন কিলোমিটার এবং বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সেক্টরের দইখাটায় দেড় কিলোমিটার।যৌথ জরিপে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, রেডক্লিফের সীমান্ত রেখার মাধ্যমে তৈরি হওয়া সমস্যার সমাধানে তাঁদের যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ এ প্রতিবেদককে জানান, মানচিত্র অনুযায়ী নির্দিষ্ট এলাকা ধরে সমীক্ষা চালানো হয়েছে। এরপর ওই সমীক্ষার ফলাফল বিশ্লেষণের পর দুই পক্ষ চূড়ান্ত সীমানা নির্ধারণের চিহ্ন জুড়ে দেয় মানচিত্রে। কৌশলগত এ বিষয়টি চূড়ান্ত করতে গত ১২ মে দুই দেশের জরিপ অধিদপ্তরের প্রধানেরা তামাবিলে বৈঠক করেন।জরিপ অধিদপ্তরের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, অপদখলীয় জমি হস্তান্তরের ক্ষেত্রে ২৫টি অভিযোগ ছিল। পরে দেখা গেছে, এর ১০টিতে সমস্যা নেই। অবশিষ্ট ১৫টির মধ্যে ১৩টির সমাধান হয়ে গেছে। সমাধান হওয়া অপদখলীয় জমির নয়টি পশ্চিমবঙ্গ সেক্টরে, তিনটি ত্রিপুরা সেক্টরে ও একটি মেঘালয় সেক্টরে। অমীমাংসিত দুটিই আসাম সেক্টরে। এর একটিতে জমির পরিমাণ ৩৬০ একর, অন্যটির পরিমাণ ১২৫ একর।প্রসঙ্গত, অপদখলীয় যে ১৫টি জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে, এর ছয়টি ভারতের ও নয়টি বাংলাদেশের মালিকানাধীন।যে কারণে অপদখল: বিভিন্ন সময়ে নদীভাঙনের ফলে সীমানা সরে গেছে। এর ফলে তৈরি হয়েছে অপদখলের বিষয়টি। দ্রুত বসে দুই পক্ষ সুরাহা করলে এ সমস্যার উদ্ভব হতো না বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।ভারতের অবস্থান পরিবর্তন: গত বছরের নভেম্বরে যৌথ সীমান্ত কার্যদল (জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ—জেবিডব্লিউজি) দিল্লিতে সর্বশেষ বৈঠক করে ১৯৭৪ সালের চুক্তির আলোকে বিষয়গুলো সুরাহার সিদ্ধান্ত নেয়।এবারের বৈঠকের আগে প্রতিবারই ভারত আলাদাভাবে সীমান্তের অনিষ্পন্ন বিষয়গুলো সুরাহার ব্যাপারে অটল ছিল। এ ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত চিহ্নিত করা, ’৭৪-এর চুক্তির অনুসমর্থন এবং ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের ধারাবাহিকতায় বিষয়গুলো সমাধান করা হবে। ২০০৭ সালে ছিটমহল ও অপদখলীয় জমিগুলোতে যৌথ সফরের পর বাংলাদেশও ধাপে ধাপে বিষয়গুলো সুরাহার প্রস্তাব দেয়। এ ক্ষেত্রে বাংলাদেশের তালিকায় ক্রমানুসারে ছিল ছিটমহল বিনিময় এবং ’৭৪-এর চুক্তির অন্য বিষয়গুলো। কিন্তু ভারতের পক্ষ থেকে তখন বলা হয়, ধাপে ধাপে নয়, তারা সমন্বিতভাবে বিষয়গুলো সমাধান করতে চায়। ভারতের এ প্রস্তাব তাদের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসা।