সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনা এবং প্রস্তাবিত তিস্তা পানি চুক্তির বিষয়টি সুরাহা করার আশ্বাস দিয়েছে ভারত।গতকাল শুক্রবার সকালে নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাষ্ট্রীয় বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পরে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, ভারত তিস্তা পানি চুক্তির বিষয়টি চূড়ান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনমোহন তাঁকে জানিয়েছেন।ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সাহারা খাতুন সে দেশে গেছেন। মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের আগে তিনি নয়াদিল্লির তাজ মান সিং হোটেলে চিদাম্বরমের সঙ্গে বৈঠক করেন।গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তোলায় ওই চুক্তি আর হয়নি।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, তিনি মনমোহন সিংকে জানিয়েছেন, বাংলাদেশের মানুষ তিস্তা চুক্তির বিষয়টির দ্রুত সমাধান দেখতে চায়।সাহারা খাতুন আরও জানান, ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চিহ্নিতকরণ ও ছিটমহল বিনিময় চুক্তি অনুমোদনের জন্য পার্লামেন্টের আগামী বাজেট অধিবেশনে উত্থাপন করা হবে। আগামী মাস থেকে ওই অধিবেশন শুরু হবে।মনমোহন আরও জানান, মুজিব-ইন্দিরা চুক্তি শিগগির ভারতীয় পার্লামেন্টে তোলা হবে এবং পার্লামেন্টে তা অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাহারা খাতুন বলেন, সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের বিষয়টি তিনি বৈঠকে তুলেছিলেন। ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে সীমান্তে গুলি ও বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয়টি কীভাবে এড়ানো যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও চাই না, সীমান্তে এ ধরনের ঘটনা ঘটুক। এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ২৩টি সীমান্তঘাঁটি চিহ্নিত করা হয়েছে। দুই পক্ষই সেখানে সীমান্তরক্ষীর সংখ্যা বাড়াবে এবং কোনো সমস্যা দেখা দিলে পরামর্শের মাধ্যমে সমাধান করা হবে।’পি চিদাম্বরম আরও বলেন, ‘আমরা যদি এটা করতে পারি, তাহলে আমি নিশ্চিত, সীমান্তে গোলাগুলি ও হত্যা শূন্যে নেমে আসবে।’ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত বছরের জুলাইতে আমার ঢাকা সফরের পর থেকে দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা নাটকীয়ভাবে কমে এসেছে। গত আট মাসে সীমান্তে মাত্র তিনবার গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত নভেম্বরে একবার এবং ডিসেম্বরে দুটি ঘটনায় নিহত হয়েছেন চারজন। তাঁরা সবাই গরুর চোরাকারবারি।’চিদাম্বরম বলেন, ‘ওই সব ঘটনায় কী ধরনের পরিস্থিতিতে বিএসএফ গুলি করতে বাধ্য হয়েছিল, তা উল্লেখ করে একটি নথি আমি সাহারা খাতুনকে দিয়েছি।’সাহারা খাতুন জানান, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি বঙ্গবন্ধুর দুই খুনি মেজর মাজিদ ও রিসালদার মোসলেহউদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি তোলেন।সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে চিদাম্বরম বলেন, ওই দুই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে। তারা চেষ্টা করছে।ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের পাওয়া গেলে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি না থাকলেও সেটি কোনো সমস্যা হবে না। একটা আইনি উপায় বের করা যাবে। মূল সমস্যা হলো তাঁদের খুঁজে বের করা।সাহারা খাতুন জানান, সীমান্ত ব্যবস্থাপনা; নারী, শিশু ও মাদক পাচার এবং দুই দেশের মধ্যে অচিহ্নিত থাকা সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত নিয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।সাহারা খাতুন আরও জানান, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমি জানিয়েছি, অনুপ চেটিয়ার মামলার নিষ্পত্তি হয়ে গেছে। আমরাও চাই তাঁকে ভারতের হাতে তুলে দিতে। তাঁকে বাংলাদেশে রাখার কোনো ইচ্ছা আমাদের নেই। এ বিষয়ে অচিরেই একটি সমাধান হবে।’বন্দিবিনিময় চুক্তির বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে সাহারা খাতুন বলেন, ‘বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং আশা করছি শিগগির এটি চূড়ান্ত হবে।’ পি চিদাম্বরম বলেন, ‘বন্দিবিনিময় চুক্তিটি বাংলাদেশ সরকারের দিক থেকে বিবেচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমি মনে করি, এ বিষয়ে দ্রুত অগ্রগতি হবে।’