সীমান্ত হাটের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে বাংলাদেশ ও ভারতের প্রথম সীমান্ত হাটের যাত্রা শুরু হয়েছে।গতকাল শনিবার দুপুরে হাটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। তাঁরা হাটের ফলক উন্মোচন করে হাট শুরুর ঘোষণা দেন। এ সময় দুই দেশের মানুষ করতালি দিয়ে হাট চালুর উদ্যোগকে স্বাগত জানায়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে আজ থেকে নতুন যাত্রা শুরু হলো। এই সীমান্ত হাটের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।অন্যদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বলেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্প্রসারণে সীমান্ত হাট একটি মাইলফলক। এতে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও বাড়বে।মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ (মরণোত্তর) পদক দেওয়ার ঘোষণা দেওয়ায় আনন্দ শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার এবং দেশের সব মানুষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উভয় দেশের বাণিজ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বালিয়ামারী-কালাইচরে এই সীমান্ত হাট চালু হলো। কিছুদিনের মধ্যে সুনামগঞ্জে সীমান্ত হাট চালু হবে। এই দুই হাটের সফলতা দেখে আরও হাট চালু করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ মো. জাফর আলী ও মো. জাকির হোসেন এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বক্তব্য দেন। ভারতের পক্ষে বক্তব্য দেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল এম সাংমা, কেন্দ্রীয় বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অরূপ কে পূজারী প্রমুখ।বক্তব্যের ফাঁকে ফাঁকে দুই দেশের শিল্পীরা পরিবেশন করেন নাচ ও গান। হাটের বাইরে ছিল দুই দেশের হাজার হাজার মানুষ। হাট ঘেঁষে বয়ে যাওয়া জিঞ্জিরাম নদেও ছিল নৌকাভর্তি মানুষ।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ২৫০ জন ও ভারতের ২৫০ জন অতিথি যোগ দেন। মঞ্চের পাশে বসেছিল স্বল্প পরিসরে হাট। দুই দেশের ক্রেতা-বিক্রেতারা ভিড় করে গুটিকয়েক দোকানে। তাদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।বেলা পৌনে দুইটায় উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এরপর বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে ভারতের মেঘালয় রাজ্যের আমপাতি মহকুমার সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে যান। বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁরা রাজীবপুর উপজেলা সদরে ফিরে আসেন।বাণিজ্যমন্ত্রী পরে উপজেলার মুন্সিপাড়া ও মেম্বারপাড়া এলাকায় ব্রহ্মপুত্র, হলহলিয়া ও সোনাভরি নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে কুড়িগ্রাম জেলা ও রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।এই সীমান্ত হাট সপ্তাহে এক দিন প্রতি বুধবার বসবে। শীতকালে সকাল ১০টা থেকে বেলা তিনটা এবং গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে বেলা চারটা পর্যন্ত এই হাট বসবে। হাটে বাংলাদেশের ২৫ জন এবং ভারতের ২৫ জন বিক্রেতা থাকবেন। প্রাথমিক পর্যায়ে প্রতি দেশ থেকে ৩০০ জন করে ৬০০ জন ক্রেতা হাটে যেতে পারবেন। প্রত্যেক ক্রেতা ও বিক্রেতার পরিচয়পত্র দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র, মুঠোফোন, অলঙ্কার, সিগারেট, ম্যাচ এবং ছোট শিশুদের নিয়ে হাটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি সব কিছুর তত্ত্বাবধানে রয়েছে। হাটের জন্য রাস্তা ও বাঁশের সেতু নির্মাণ করা ছাড়াও বেচাকেনার সুবিধার্থে আটটি ছাউনি তৈরি হয়েছে।হাটে বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে চিপস, চানাচুর, আলু, তৈরি পোশাক, শুঁটকি, মুরগি, ডিম, সাবান, শিম, ফার্নিচার। ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কৃষিপণ্য, ঐতিহাসিক পণ্য, উপজাতিদের তৈরি বিভিন্ন পণ্য, মাছ ও শুঁটকি, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য, ফলমূল, মসলা, পান-সুপারি, মধু, কুটিরশিল্পের পণ্য, কাঠের আসবাব ও আখজাতীয় পণ্য।