সীমান্তবিরোধ নিয়ে আলোচনায় নতুন প্রস্তাব থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন যুগ ধরে অমীমাংসিত সীমান্ত বিরোধ নিষ্পত্তি নিয়ে ১০ নভেম্বর দিল্লিতে আলোচনায় বসছেন বাংলাদেশ ও ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তারা। যৌথ সীমান্ত কার্যদলের (জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ-জেবিডব্লিউজি) দুই দিনের এ বৈঠকে অগ্রাধিকার তালিকায় থাকবে সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমানা চিহ্নিত করা, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের বিষয়গুলো।ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানান, অপদখলীয় জমি হস্তান্তরের বিষয়ে নতুন প্রস্তাব নিয়ে কথা বলবে দুই পক্ষ। বিশেষ করে উভয়কে নিজ নিজ অবস্থানে কিছুটা ছাড় দিয়ে ‘তুলনামূলকভাবে জটিল’ সমস্যাটির সমাধানের জন্য শীর্ষ পর্যায় থেকে নতুন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই দেশ অপদখলীয় জমির বিষয়টি সুরাহার ব্যাপারে তাদের প্রস্তাবগুলো আলোচনায় তুলবে। বৈঠক শেষে কর্মকর্তারা সেগুলো মূল্যায়নের পর সুপারিশ জমা দেবেন। ওই সুপারিশের ভিত্তিতে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের পরবর্তী বৈঠক হওয়ার কথা আগামী ডিসেম্বরে ঢাকায়।ঢাকার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে আসন্ন আলোচনা নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দীর্ঘ বিরতির পর অনুষ্ঠেয় এ বৈঠক থেকে আমরা ইতিবাচক ফল আশা করছি। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক এমন একটা পর্যায়ে উন্নীত হয়েছে, যা সমস্যা সমাধানের জন্য উপযুক্ত সময়। এ সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করবে রাজনৈতিক সদিচ্ছা। আমাদের দুই দেশের মাঝেই এখন সেটা রয়েছে।’সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এনে দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও জনমতের প্রতিফলনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ইতিবাচক সমাধানের জন্য প্রয়াস চালাতে হবে। এ ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেওয়া হলে সেটি আমরা যৌক্তিকভাবে বিবেচনা করব।’নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘সমস্যা সমাধানে নতুন পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমাদের ভাবতে হবে। দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আমরা কী ধরনের পদক্ষেপ নিচ্ছি, সেটাই এখন দেখার বিষয়।’ওই কর্মকর্তা আভাস দিয়েছেন, অনিষ্পন্ন তিনটি বিষয় সমাধানে ভারত প্যাকেজ প্রস্তাব দেবে। পাশাপাশি অপদখলীয় জমি হস্তান্তরের জন্য দেওয়া হবে নতুন প্রস্তাব।দীর্ঘ চার বছর বিরতির পর হতে যাওয়া এ কার্যদলের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামালউদ্দিন আহমেদ। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব টি এস তিরুমূর্তি।জেবিডব্লিউজির সর্বশেষ বৈঠকটি বসেছিল ২০০৬ সালের জুলাইয়ে, ঢাকায়। সেই বৈঠকে খুব একটা অগ্রগতি না হলেও যৌথ সীমান্ত টহলের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছিল। ওই বৈঠকে প্রতিবছর একবার আলোচনার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু চার বছর কেটে গেছে কোনো বৈঠক ছাড়াই। ২০০৬-এর বৈঠকটিও কাকতালীয়ভাবে বসেছিল চার বছর বিরতির পর। সে বছরের মার্চে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দিল্লি সফরের পর সীমান্ত সমস্যা নিয়ে ঢাকায় ওই আলোচনা হয়। ওই বৈঠকে ভারতের পক্ষ থেকে সীমানা চিহ্নিত করার বিষয়ে একটি প্যাকেজ প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাব ভারতের স্বার্থ বেশি দেখছে, এমন অভিযোগে বাংলাদেশ সে সময় তা প্রত্যাখ্যান করে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, শুধু সীমানা চিহ্নিত করাই নয়, ছিটমহল আর অপদখলীয় জমি হস্তান্তরের ব্যাপারেও প্যাকেজ প্রস্তাব দিতে হবে।ঝুলে আছে তিন যুগ: দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত রয়েছে চার হাজার ২৩ কিলোমিটার। এর মধ্যে এখনো অচিহ্নিত মাত্র সাড়ে ছয় কিলোমিটার। কিন্তু বিষয়টি ঠেকে আছে তিন যুগ ধরে। এর মধ্যে তিন কিলোমিটার মৌলভীবাজারের কুলাউড়ার লাঠিটিলায়, দুই কিলোমিটার ফেনীর পরশুরামের মুহুরীরচরে আর বাকি দেড় কিলোমিটার রয়েছে লালমনিরহাটের বেরুবাড়ির দইখাটা-দুমাবাড়িতে। দুই দেশের অভ্যন্তরেই অন্য দেশের ছিটমহল রয়েছে। বাংলাদেশের ৯২টি ছিটমহল রয়েছে ভারতের দখলে। আর বাংলাদেশের দখলে রয়েছে ভারতের ১০৬টি ছিটমহল। উভয় দেশই একে অন্যের জমি অপদখল করে আছে। এর মধ্যে বাংলাদেশের ৫৫১ দশমিক ৮ একর জমি আছে ভারতের অপদখলে। আর বাংলাদেশের অপদখলে থাকা ভারতের জমির পরিমাণ ২২৬ দশমিক ৮১ একর। অচিহ্নিত সীমানা চিহ্নিতকরণ, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেওয়া আছে ১৯৭৪ সালের ‘বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তিতে’। সে বছরের ১৬ মে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী ওই চুক্তি সই করলেও ভারত তা অনুসমর্থন করেনি।