সীমান্তহাট আগামী মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত ও প্রতীক্ষিত সীমান্তহাট আগামী ফেব্রুয়ারি মাসেই চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বর্তমানে সীমান্তহাট উদ্বোধনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, সীমান্তহাট চালুর মাধ্যমে ভারতের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং সীমান্তে চোরাচালানি অনেক হ্রাস পাবে।আজ রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ভারতের ডেপুটি কমিশনার সঞ্জয় ভট্টাচার্য এ সময় উপস্থিত ছিলেন।বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বালিয়ামারি-ভারতের মেঘালয় রাজ্যের কালাইচর এবং বাংলাদেশের সুনামগঞ্জ জেলার লাওয়াঘর-ভারতের মেঘালয় রাজ্যের বালাত নামক স্থানে এ দুই সীমান্তহাট চালু হওয়ার কথা। ফারুক খান জানান, হাইকমিশনারের সঙ্গে সীমান্তহাট চালু এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য সম্ভাবনার ব্যাপারে আলোচনা হয়েছে। আলোচনায় অন্যান্য বিষয়ের মধ্যে উভয় দেশের প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত যৌথ ইশতেহারে উল্লিখিত বিষয়গুলোর বাস্তবায়নের অগ্রগতি কার্যক্রম স্থান পায়।আগামী ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের আসামের গৌহাটিতে অনুষ্ঠেয় ১৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ অংশ নেবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ওই মেলার সহযোগী আয়োজক বাংলাদেশ। এতে বাংলাদেশের ৫০টি স্টল অংশ নেবে। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠনের নেতারা গৌহাটি মেলায় অংশ নেবেন বলে জানা গেছে।