সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পাওয়া গেছে। শূন্য রেখার ১০ গজ ভিতরে ভারতীয় সীমানায় লাশটি পাওয়া যায়। এ কারণে বিএসএফ লাশটি ভারতে নিয়ে গেছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একথা জানিয়েছে।প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, আজ সকালে শূন্য রেখার কাছে জমিতে কাজ করতে গেলে তারা ওই যুবকের লাশ দেখেন। লাশ দেখে তাঁরা পুলিশ ও বিজিবি ক্যাম্পে খবর দেয়। যুবকের পরনে জিনসের ফুলপ্যান্ট ও হাফ শার্ট ছিল।বিজিবি দিনাজপুর সেক্টরের অধীন ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিরুল ইসলাম সিকদার বলেন, সীমান্তের ২৯৩ নম্বর প্রধান পিলারের অধীন ১ ও ২ নং সাব পিলারের মাঝখানে লাশটি পাওয়া যায়। তিনি বলেন, নিহত যুবকের গলায় ও কোমরে রশি বাঁধা ছিল। এছাড়া বাম চোখ খুঁচিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। উভয় দেশের সীমান্তবর্তী গ্রামগুলোর প্রায় চার শতাধিক মানুষ নিহতের লাশ শনাক্ত করতে পারেনি বলে তিনিও জানান। আমিরুল ইসলাম বলেন, অজ্ঞাত পরিচয় লাশটি ভারতীয় সীমানায় পাওয়ার কারণে বিএসএফ সদস্যরা লাশটি নিয়ে গেছে। তিনি বলেন, বেলা ১১টার দিকে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি‘র পক্ষে কর্নেল আমিরুল ইসলাম এবং ভারতীয় বিএসএফ এর সংশ্লিষ্ট ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক (কমান্ড্যান্ট) রামপাল নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।