সীমান্তে অস্ত্রের ব্যবহার কমাতে ফের মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে গুলির ঘটনা সম্ভাব্য সবচেয়ে নিচে নামিয়ে আনতে একটি ত্রিমুখী পদক্ষেপ বাস্তবায়নে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতের অভ্যন্তরের সীমান্ত এলাকায় রাতের বেলা কারফিউ জারির প্রস্তাব দেওয়া হলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে।বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনের আলোচনা শেষে গতকাল সোমবার নয়াদিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে। এ সময় ভারত বাংলাদেশে আশ্রয় নেওয়া ২১ জন অপরাধী এবং বাংলাদেশে ভারতীয় বিদ্রোহীদের ৫১টি ক্যাম্পের তালিকা হস্তান্তর করে।বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন ও বিএসএফের প্রধান ইউ কে বনশল সংবাদ সম্মেলনে বলেন, ‘সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার আরও কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা সম্মত হয়েছি। এ ছাড়া, নিরস্ত্র মানুষ ও ভুলবশত অবৈধ অনুপ্রবেশকারীদের ওপর আমরা অস্ত্রের ব্যবহার করব না।’সংবাদ সম্মেলনে বলা হয়, সীমান্তে বিশেষ করে স্পর্শকাতর সীমান্ত এলাকায় টহল বাড়াতে সম্মত হয়েছে দুই পক্ষ। একই সঙ্গে সীমান্ত এলাকায় রাতের বেলায় চোরাচালানি ও মাদক পাচারকারীদের চলাফেরা রোধ করতে সম্ভাব্য আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখা হবে।সীমান্তে গোলাগুলি ও সংঘাত কমিয়ে আনতে ত্রিমুখী পদক্ষেপ বাস্তবায়নের ঘোষণা দিয়ে মেজর জেনারেল আনোয়ার হোসেন বলেন, স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনে সম্মত হয়েছে উভয় পক্ষ। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ সম্পর্কে সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করা এবং রাতের বেলা সীমান্ত এলাকায় চোরাচালানি ও অন্যান্য অপরাধীদের চলাচলের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করা হবে।আনোয়ার হোসেন বলেন, ‘সীমান্তরক্ষী বাহিনী হিসেবে সীমান্ত এলাকায় বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমোদের উভয় পক্ষের।’ তিনি আরও বলেন, এই আলোচনায় আমরা বলেছি, সীমান্তে নিরস্ত্র মানুষকে হত্যার বিষয়টি আমরা প্রত্যাশা করি না এবং এ ক্ষেত্রে উভয় পক্ষই পদক্ষেপ নিয়েছে।বিএসএফের প্রধান ইউ কে বনশল বলেন, ‘সীমান্তের কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট আমরা চিহ্নিত করেছি এবং ওই দুই পক্ষই ওই সব এলাকার টহল জোরদার করবে। এ ছাড়া সীমান্ত এলাকার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে।’সীমান্ত এলাকায় রাতের বেলা কারফিউ জারির বিষয়টি বাংলাদেশ বিবেচনা করবে কি না, এমন প্রশ্নের জবাবে বিজিবির প্রধান আনোয়ার হোসেন বলেন, ‘আমরা কারফিউতে বিশ্বাস করি না। দেশের সীমান্তের মধ্যে চলাফেরার ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে। তবে সীমান্ত এলাকায় চলাফেরার ক্ষেত্রে এবং বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম না করার জন্য আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করব।’বিজিবির প্রধান বলেন, ‘গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের মধ্যে বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তা বাস্তবায়নের বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে গত চার দিনের বৈঠকে আলোচনা হয়েছে এবং আমরা বিভিন্ন সমঝোতায় পৌঁছেছি।’আনোয়ার হোসেন বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে আমরা বিভিন্ন বিষয়য়ে এমনকি নির্ধারিত বিষয়ের বাইরেও আলোচনা করেছি। লড়াইয়ের জন্য আমাদের উভয়েরই যৌথ শত্রু আছে। এ নিয়ে আমরা একটি মতৈক্যে পৌঁছেছি। বিভিন্ন সমস্যা ঝুলিয়ে না রেখে প্রয়োজনে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে হলেও আমরা তা সমাধানের চেষ্টা করব বলে সম্মত হয়েছি।’পারস্পরিক আস্থা বাড়ানোর পদক্ষেপ হিসেবে বিএসএফের মতো বিজিবিও মারণাস্ত্র পরিহার করবে কি না, জানতে চাইলে বিজিবির প্রধান বলেন, ‘এ ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। কেননা, আমরা নিরস্ত্র মানুষকে হত্যায় বিশ্বাসী নই।’ভারত থেকে ফেনসিডিল পাচার নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়ে বিএসএফের প্রধান বনশল বলেন, ‘এ ক্ষেত্রে আমরা কিছু অতিরিক্ত পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। গত পাঁচ বছরে ৩৩ লাখ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।’বনশল আরও বলেন, ‘ভারতের সন্ত্রাসী ও অপরাধীরা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে বলে খবর আছে। এ ক্ষেত্রে এমন অপরাধী ২১ জনের একটি তালিকা এবং বাংলাদেশে ভারতীয় বিদ্রোহীদের ৫১টি ক্যাম্পের তালিকা আমরা হস্তান্তর করেছি। এই তালিকা যাচাই করে আমাদের জানানো হবে বলে সম্মত হয়েছেন বিজিবির প্রধান।’এ বিষয়ে বিজিবির প্রধান বলেন, অন্য কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে ভারতের মতো বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে কোনো বিদ্রোহী কর্মকাণ্ড চালানোর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।