সীমান্তে আটকে গেল প্রেম
হূদয়ভরা প্রেম থাকলে বাধা কোন ছার! প্রয়োজনে সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে যাওয়ার দুঃসাহস এসে যায়। এমন চেষ্টা করেছিলেন পাকিস্তানের দুই তরুণ-তরুণী আকবর আলী আর জরিনা। ঘর বাঁধার স্বপ্ন নিয়ে সীমান্ত পার হয়ে তাঁরা যেতে চেয়েছিলেন ভারতে। ভেবেছিলেন, সেখানে এসপার কি ওসপার যা হওয়ার হবে। কিন্তু বিধি বাম। সীমান্তে গিয়েও পার পেল না তাঁদের দুরন্ত প্রেম।পাকিস্তানের সীমান্তবর্তী এক গ্রামের বাসিন্দা আকবর (২৮) ও জরিনা (২০)। দুজন দুজনের প্রেমে পাগল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন গ্রামের মোড়ল। তিনি চান দরিদ্র দরজি আকবর নন, তাঁর ছেলে ধনীর দুলাল হবেন জরিনার বর।কিন্তু উথল প্রেম আকবর ও জরিনার মনে দিল দুরন্ত সাহস। যা হওয়ার হবে—এই ভেবে দুজন বেরিয়ে পড়লেন গোপনে। চলতি জুনের দ্বিতীয় সপ্তাহের ঘটনা এটি।ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানায়, তাঁরা চুপি চুপি সীমান্ত ফাঁড়ি পার হওয়ার চেষ্টা করেননি; বরং সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ সদস্যদের দৃষ্টি আকর্ষণে গলা ফাটিয়ে চিত্কার করতে থাকেন। বিএসএফের জওয়ানেরা ওই জুটিকে আটক করে। কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তাদের কাছে খোলাসা হয় ঘটনা। বুঝতে পারে অদম্য প্রেমের টানে এত বড় ঝুঁকি নিয়েছেন আকবর ও জরিনা।বিএসএফের একজন কর্মকর্তা বলেন, আকবর ও জরিনা ভেবেছিলেন ভারতে তাঁরা প্রেমের মূল্য পাবেন। ফেরত পাঠানো হলে তাঁদের হত্যা করা হবে বলে জানান তাঁরা। কিন্তু সহানুভূতি থাকলেও দুজনের জন্য করার কিছু ছিল না বিএসএফের।প্রচলিত আইন অনুযায়ী বিএসফের যা করার ছিল, ওই জুটিকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিতে পারত। সে ক্ষেত্রে অবৈধভাবে সীমান্ত পার করার শাস্তি হিসেবে তাঁদের কিছুদিন কারাগারে রাখা হতো। মেয়াদ শেষে ফেরত পাঠানো হতো পাকিস্তানে। তবে বিএসএফ তা না করে পাকিস্তানের সীমান্তরক্ষী রেঞ্জারদের হাতে তুলে দিয়েছে দুজনকে। পরে তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা আর জানা যায়নি। ডন অনলাইন অবলম্বনে।