সীমান্তে কালভার্ট নির্মাণ করবে না বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি ছাড়া আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্য রেখার খালের ওপর কালভার্ট নির্মাণ করবে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।এদিকে এ বৈঠকের ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল।উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা স্থলবন্দর বিএসএফ ক্যাম্পে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে কুমিল্লা সেক্টরের উপ-অধিনায়ক লে. কর্নেল রবিউল আলম ও ত্রিপুরা বিএসএফের ডিআইজি (বর্ডার) বি এস রাওয়াত নেতৃত্ব দেন।বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে আখাউড়া স্থলবন্দর বিজিবি ক্যাম্পে রবিউল আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত ছাড়া খালের ওপর কালভার্ট নির্মাণ করবে না বলে বিএসএফ জানিয়েছে। বিএসএফের কাছে কালভার্টের নকশা চাওয়া হয়েছে। এটা পাওয়া গেলে বিজিবি সদর দপ্তরের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।বিজিবি-১২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিএসএফ আখাউড়া স্থলবন্দর এলাকার ২০২৩/৬এস সীমান্ত পিলার থেকে ২০২৩/৫এস পিলারের মাঝামাঝি খালের ওপর কালভার্ট নির্মাণ করতে গত মঙ্গলবার থেকে চেষ্টা করছে। ওই দিনই তারা খালের দুই পাড়ে দুটি পিলার নির্মাণের জন্য মাটি খনন শুরু করে। কিন্তু বিজিবি বাধা দিলে তারা ফিরে যায়। তবে শনিবার দুপুরে আবারও বিএসএফ মাটি খনন শুরু করলে বিজিবি বাধা দেয়।এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ওই দিন বিকেলে বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।বিজিবি সূত্রে জানা গেছে, আখাউড়া সীমান্তের সীমান্ত পিলার থেকে মাত্র ১৮ গজের মধ্যে বিএসএফ ১৩ ফুট চওড়া এক হাজার ৬০ মিটার দৈর্ঘ্যের রিটেইনিং ওয়াল (মাটি ধরে রাখার দেয়াল) নির্মাণ করছে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা কিংবা দেয়াল নির্মাণ অবৈধ। তবে ওই দেয়াল নির্মাণের জন্য দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের অনুমতি থাকায় তারা এই নির্মাণকাজ চালাচ্ছে। সীমান্তের ১৫০ গজ দূরে যে কাঁটা তারের বেড়া রয়েছে, তার বাইরে নির্মিতব্য এই দেয়ালেও সিংগেল লেয়ার (এক তারের) বেড়া দেবে বিএসএফ। এর অংশ হিসেবে সীমান্তের খালের ওপর তারা কালভার্ট নির্মাণ করতে চাইছে।অন্যদিকে একই এলাকায় প্রায় ১৬ ফুট চওড়া, এক হাজার ৬০ মিটার প্রস্থের একটি রাস্তাও তৈরি করেছে বিএসএফ। আজকের বৈঠকে বিজিবির পক্ষ থেকেও সীমান্তে টহলের সুবিধার জন্য এমন একটি রাস্তা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।