সীমান্তে গুলি বন্ধ হবে না: বিএসএফ প্রধান
বাংলাদেশ-ভারত সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) প্রধান ইউ কে বনশল। গতকাল মঙ্গলবার বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেন।ইউ কে বনশল বলেছেন, ‘গুলি চালনা পুরোপুরি বন্ধ করা কখনোই সম্ভব না, যতক্ষণ ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততক্ষণ সেই অপরাধ আটকাতেই হবে বিএসএফকে। সেটাই বাহিনীর দায়িত্ব।’ দিল্লির প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশিদের ওপর হত্যা-নির্যাতনের ঘটনা ঘটেই চলছে। এ নিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। এমন প্রেক্ষাপটে বিএসএফ প্রধান ইউ কে বনশল সীমান্তে গুলি অব্যাহত রাখার কথা বললেন। বিএসএফের গুলি করার পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, ‘সীমান্তে যখন কোনো অপরাধ সংঘটিত হয়, তখন তাদের ব্যবস্থা নিতেই হয়।’বিএসএফ প্রধান জানিয়েছেন, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধের জন্য বিএসএফ বারবার বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর সাহায্য চেয়ে আসছে। তিনি বলেন, ‘বাংলাদেশি বাহিনী যদি তাদের নিজেদের দিকে পাহারা কড়া করে, বিশেষত রাতে সীমান্তে চলাচলের ওপরে নিষেধাজ্ঞার বলবত্ করতে পারে, তাহলে অপরাধীরা আর ভারতের দিকে আসতেই পারবে না আর বিএসএফকেও গুলি চালাতে হবে না।’এদিকে পাচারকারীদের হামলায় আহত ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর এক সদস্য গতকাল মঙ্গলবার মারা গেছেন। বিএসএফ দাবি করেছে, ৪ জানুয়ারি রাতে পশ্চিমবঙ্গের স্বরূপনগর এলাকায় সীমান্ত পাহারা দেওয়ার সময়ে প্রায় ১০০ জন গরু পাচারকারীর দল বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়। পাচারকারীরা নিহত বিএসএফ কনস্টেবল সরতাজ সিংয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় আরও একজন সীমান্তরক্ষী আহত হন।বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মহাপরিদর্শক (ইন্সপেক্টর জেনারেল) রভি পোনোঠ বিবিসিকে জানিয়েছেন, ওই হামলার পরে বেশির ভাগ পাচারকারীই বাংলাদেশে পালিয়ে গেছেন। তবে তিনজন বাংলাদেশি নাগরিককে তাঁরা আটক করে পুলিশ হেফাজতে রেখেছেন।বিএসএফ দাবি করছে, গত এক বছরে গরু পাচারকারীসহ বিভিন্ন অবৈধ কারবারিরা দক্ষিণবঙ্গ সীমান্ত এলাকাতে বিএসএফের ওপরে ৫২ বার আক্রমণ চালিয়েছে। রভি পোনোঠ দাবি করেন, তাঁদের বাহিনী কিছুদিন ধরে এমন বন্দুক ব্যবহার করছে, যার গুলি দূর থেকে লাগলে মৃত্যু হবে না।উল্লেখ্য, বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের আট সদস্য এক বাংলাদেশিকে নগ্ন করে নির্মম নির্যাতন করে। মোবাইল ফোনে ধারণ করা এ ঘটনার ভিডিওচিত্র ভারতের টিভি চ্যানেলে সম্প্রচার হয়।