সীমান্তে তিন হত্যা: বাংলাদেশের তীব্র প্রতিবাদ
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিরস্ত্র তিন বাংলাদেশিকে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। দিনাজপুর, মেহেরপুর ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক ওই হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ভারতকে তদন্ত চালানোরও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণু বিভাগের মহাপরিচালক শামীম আহসান আজ রোববার সন্ধ্যায় সংক্ষিপ্ত খুদে বার্তায় (এসএমএস) জানান, ১৭ ডিসেম্বর সীমান্তে তিন বাংলাদেশি হত্যার নিন্দা জানিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানি বন্ধে ভারতের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে আশ্বাসের পর এ ধরনের ঘটনায় বাংলাদেশ হতাশা ব্যক্ত করেছে।বাংলাদেশ ওই ঘটনার তদন্ত পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে সীমান্ত এলাকায় এ ধরনের হত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে সংক্ষিপ্ত খুদে বার্তায়।প্রথম আলোর দিনাজপুর, মেহেরপুর ও কুড়িগ্রাম জেলার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান, গত শুক্রবার রাত আটটা থেকে শনিবার সকাল সাড়ে ছয়টায় বিএসএফ হাতে চার বাংলাদেশি প্রাণ হারিয়েছে। দিনাজপুরের বিরামপুর, মেহেরপুরের গাংনী ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ওই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।মানবাধিকারের সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিএসএফ ২৬ জন বাংলাদেশিকে হত্যা করেছে।