সীমান্তে নির্বিঘ্নে...
শীত আসি আসি করছে। কুয়াশা কাটিয়ে উঠেছে মিষ্টি রোদ। শিশিরের ওপর সূর্যালোক পড়ে সৃষ্টি হয়েছে এক অপূর্ব দৃশ্য। এরই মধ্যে পাকতে শুরু করেছে ধান। চারদিকে পাকা ধানের ম-ম গন্ধ। পুরুষেরা গেছেন বাইরের কাজে, এই ফাঁকে ঘরের কাজ সামলে নারীরা কাস্তে হাতে চলে গেছেন ধানখেতে। নিজ হাতেই কাটছেন ধান, আবার ধান কাটা শেষে নিজেরাই মাথায় করে সেই কাটা ধানের স্তূপ নিয়ে যাচ্ছেন বাড়িতে। নারীদের এই ধান কাটার উৎসব এখন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম বাড়াইপাড়ায়। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার পাশের আবাদি জমিতে এবারই প্রথম নির্বিঘ্নে নারীরা যেতে পারছেন। ভারতীয় সীমান্তরক্ষীরাও তাঁদের কাজে বাধা দিচ্ছেন না। তাই এবার এই এলাকায় উৎসবের আমেজ। এই গ্রামের আনোয়ারা ও রোখসানা জানালেন, কাঁটাতারের বেড়াসংলগ্ন জমি থেকে ধান কাটার পাশাপাশি বাড়ির গৃহপালিত পশুর জন্যও ঘাস সংগ্রহ করতে পারছেন তাঁরা। এতে কোনো সমস্যা হচ্ছে না। গ্রামের বাসিন্দারা জানালেন, এর আগে সীমান্ত পার্শ্ববর্তী এলাকার ধান সংগ্রহ করতে গেলে বিএসএফ বাধা দিত। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে চুক্তি হওয়ায় এবারই প্রথম কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই এখানকার মানুষ নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে পারছে। আর এ জন্যই পুরুষের পাশাপাশি ধান কাটার কাজে নারীরাও হাত লাগিয়েছেন। আবার গৃহপালিত পশুর জন্য নিজেরাই ঘাস সংগ্রহ করছেন।