দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে পরীক্ষামূলক সিদ্ধান্ত
সীমান্তে প্রাণঘাতী অস্ত্র চালাবে না ভারত
সীমান্তে নিরস্ত্র বেসামরিক বাংলাদেশিদের হত্যা বন্ধে প্রাণঘাতী নয়—এমন অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সীমান্তের স্পর্শকাতর কিছু স্থানে পরীক্ষামূলকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে এই অস্ত্র দেওয়া হবে। এ উদ্যোগ সফল হলে পরে দুই দেশের পুরো সীমান্তে তা কার্যকর করা হবে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফের মধ্যে পাঁচ দিনব্যাপী বৈঠক শেষে গতকাল শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম ও বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্তব। রফিকুল ইসলাম নয়াদিল্লির আলোচনাকে গত বছর ঢাকায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনার চেয়ে ইতিবাচক বলে মন্তব্য করেন। শ্রীবাস্তব বলেন, দুই পক্ষের আলোচনা এ সময়কালের মধ্যে সবচেয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।রমণ শ্রীবাস্তব বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে স্পর্শকাতর কিছু স্থানে প্রাণঘাতী নয়—এমন আগ্নেয়াস্ত্র বিএসএফের সদস্যদের হাতে দেওয়া হবে। এটা পরীক্ষামূলক একটি সিদ্ধান্ত। এতে সফল হলে দুই দেশের মধ্যে চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘বিএসএফ কোনো বাংলাদেশিকে হত্যা করতে চায় না।’ বিএসএফের মহাপরিচালক বলেন, বিজিবির মহাপরিচালক তাঁকে আশ্বস্ত করেছেন, বিজিবি সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধে যথাযথ পদক্ষেপ নেবে। শ্রীবাস্তব জানান, তিনি বিজিবিকে আশ্বস্ত করেছেন, আন্তসীমান্ত অপরাধ দমনের সময় বিএসএফ সর্বোচ্চ ধৈর্য ধারণ করে কাজ করবে। তিনি বলেন, সীমান্ত থেকে ভারতের ১৫০ গজের মধ্যে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। এর আগে এসব কাজের ব্যাপারে বাংলাদেশ আপত্তি জানিয়েছিল। এখন দুই দেশই এটা করতে পারবে। তবে কাজ শুরুর আগে বিষয়টি পরস্পরকে জানাতে হবে। বিএসএফের মহাপরিচালক শ্রীবাস্তব জানান, বাংলাদেশে সন্ত্রাসীদের ঘাঁটি, নারী-শিশু পাচার এবং বাংলাদেশ দিয়ে জাল ভারতীয় মুদ্রা বিভিন্ন দেশে পাঠানোর সঙ্গে জড়িতদের একটি তালিকা বিজিবিকে দেওয়া হয়েছে। গত বছর কয়েকজন উলফা নেতাকে বাংলাদেশ থেকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ধরিয়ে দিয়ে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের এই ভূমিকা প্রশংসাযোগ্য। তিনি জানান, দুই পক্ষই যৌথ সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে একমত হয়েছে, যা বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ বাড়াতে দুই পক্ষ মাঠপর্যায়ের বৈঠক বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে।বিজিবি ও বিএসএফ ৪৬টির মধ্যে ২০টি ছোট অঞ্চল যৌথভাবে পরিদর্শন করতে রাজি হয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এসব ছোট অঞ্চলে একটি মাত্র তারের বেড়া দেওয়া যেতে পারে।রফিকুল ইসলাম বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ব্যাপারে ঢাকার উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। বিজিবি চায় এ ক্ষেত্রে বিএসএফ আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলুক। এ বিষয়টি তাদের জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত নিয়ে ভারতের উদ্বেগের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না এসব এলাকায় আসন্ন বিধানসভা নির্বাচনের সময় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটবে। কারণ, ওই অঞ্চলের বেশির ভাগ অংশেই কাঁটাতারের বেড়া রয়েছে। এতে অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। তাই বিষয়টি নিয়ে উদ্বেগেরও কিছু নেই।’ রফিকুল ইসলাম বলেন, ‘ভারতের হাতে বাংলাদেশি অপরাধী ও বঙ্গভূমি আন্দোলনের মতো বাংলাদেশবিরোধীদের একটি তালিকা তুলে দেওয়া হয়েছে। ভারতও এমন একটি তালিকা আমাদের দিয়েছে।’ তিনি জানান, সীমান্তে ফেনসিডিল চোরাচালানের সঙ্গে জড়িতদের তালিকা ও ছবি বিএসএফকে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলের জন্য তিন বিঘা করিডর ২৪ ঘণ্টা ব্যবহারের অনুমতি পাবে বাংলাদেশ।বিবিসি রেডিওর খবরে বলা হয়, বিজিবির পক্ষ থেকে অপরাধীদের যে তালিকা বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে, তাতে বঙ্গবন্ধুর খুনি রিসালদার মোসলেহ উদ্দিনেরও নাম আছে। খবরে আরও বলা হয়, পরীক্ষামূলকভাবে প্রাণঘাতী নয়—এমন অস্ত্র চালু করা হলেও বিএসএফ সদস্যরা এখন যে অস্ত্রগুলো ব্যবহার করছেন, সেগুলো প্রত্যাহার করা হবে না।বৈঠকে ভারতের পক্ষ থেকে বিজিবি সদস্যদের প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়। এই লক্ষ্যে বাংলাদেশের একটি দল ভারত সফর করবে।বৈঠক শেষে যৌথ এক বিবৃতিতে বলা হয়, ‘সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনা কমিয়ে আনতে দুই পক্ষ একমত হয়েছে।’ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়াতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে যৌথ রিট্রিট অনুষ্ঠান আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের কাছে আত্তারি সীমান্তে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রতিদিন এই অনুষ্ঠান হয়ে থাকে। এতে সূর্যাস্তের সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে দুই দেশের জাতীয় সংগীত গাওয়া হয়।