সীমান্তে প্রাণহানি বন্ধে ভারত বদ্ধপরিকর: পি চিদাম্বরম
ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার চূড়ান্ত সমাধান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই হবে।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আজ শনিবার দুপুরে সচিবালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিক বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বৈঠকে বসেন। আজ সকাল ১০টা ৪০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়।বৈঠকে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা এবং যৌথ সীমান্ত ব্যবস্থাপনার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়। এরই আলোকে ভারতের প্রস্তাবিত যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনাটি সই হয়।সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের প্রাণহানি বন্ধের বিষয়ে পি চিদাম্বরম বলেন, সীমান্তে যাতে একজন লোকও প্রাণ না হারায়, সে ব্যাপারে বিএসএফকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে প্রাণহানি বন্ধে ভারত বদ্ধপরিকর।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘সীমান্তে প্রাণহানি বন্ধের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আমাদের আশ্বস্ত করেছেন।’স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।ভারতীয় প্রতিনিধিদলে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার, বিএসএফের মহাপরিচালক রমন শ্রীবাস্তবসহ ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গতকাল শুক্রবার রাতে বাংলাদেশে আসেন। চিদাম্বরম বেলা তিনটায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এবং বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বৈঠক করবেন। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আজ রাত নয়টার দিকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।