সীমান্তে ফেলানীর মতো যেন আর কোনো ঘটনা না ঘটে: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সীমান্তে ফেলানীর মতো যাতে আর কোনো ঘটনা না ঘটে, সে জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ দায় কেউ এড়াতে পারেন না। সার্বজনীন মানবাধিকার রক্ষায় বিদ্যমান অবস্থার দ্রুত উন্নয়ন দরকার।আজ রোববার দুপুরে বিএসএফের গুলিতে নিহত কুড়িগ্রামে ফেলানীর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।মিজানুর রহমান আরও বলেন, হতদরিদ্র এই পরিবারকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কিংবা দেশি-বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে যাতে বিভিন্ন সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে কমিশন চেষ্টা চালিয়ে যাবে।ভারত সীমান্তে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষ হত্যার ব্যাপারে বাংলাদেশ সরকার ও মানবাধিকার কমিশন কী পদক্ষেপ রেখেছে, এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। দুই দেশের উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হলে এর সুষ্ঠু সমাধান সম্ভব। শিগগিরই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে এলে বিষয়টি কমিশন উত্থাপন করবে এবং আমি আশা করছি, এর সম্মানজনক সমাধান আসবে।’এ সময় ২৭ বিজিবির কমান্ডিং অফিসার আবদুর রাজ্জাক তরফদার, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।