স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। আজ শুক্রবার দিল্লির হোটেল তাজমহলে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিকে ওই সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, এর মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। তিনি বলেন, গত আট মাসে গুলিবিনিময়ের ঘটনা অনেক কমে এসেছে। এ সময়ে মাত্র তিনটি ঘটনা ঘটেছে। পি চিদাম্বরম অতীতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন, তবে কী পরিস্থিতিতে ঘটনাগুলো ঘটেছিল তারও বর্ণনা দেন। সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্দী বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে অপরাধীদের হস্তান্তরের ব্যাপারে এটি কোনো সমস্যাই নয়। পি চিদাম্বরম আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের খুঁজে বের করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। খুঁজে পাওয়া গেলে ভারত সরকার সঙ্গে সঙ্গে তাদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে।এদিকে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কর্মকাণ্ড চালানোর প্রশ্নই আসে না। আর তা আমরা সহ্যই করব না। কারণ, সন্ত্রাসীরা উভয় দেশেরই শত্রু।’ বাসস।