সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর এলাকার ১৫১ (৪) এস অমীমাংসিত সীমান্ত এলাকায় গতকাল বুধবার রাতে আলম হোসেন (৩২) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চর মেঘনা গ্রামের লোকজন তাঁকে হত্যা করে।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩২ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আরমান হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে আজ সকাল নয়টার দিকে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরামপুর সেক্টরের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তার সঙ্গে কথা বলেন।ওই কর্মকর্তার দাবি, গতকাল রাতে আলম ডাকাতির উদ্দেশ্যে অবৈধভাবে চর মেঘনা গ্রামে প্রবেশ করেন। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাঁকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ভারতীয় আইন অনুসারে সেখানেই আলমের ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।আরমান হোসেন জানান, বিএসএফের মেঘনা ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। বেলা ১১টার দিকে এ বৈঠক হবে।এর আগে গতকাল বুধবার দুপুরে মহিষকুণ্ডি সীমান্তে বাংলাদেশের বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে সীমান্তে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল ফরিদ উদ্দিনের নেতৃত্বে ১১ জন সদস্য ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিএসএফের বহরামপুর সেক্টর কমান্ডার আরসি ধানির নেতৃত্বে ১০ জন সদস্য প্রতিনিধিত্ব করেন