সীমান্তে বাংলাদেশিকে হত্যা করা যাবে না (ভিডিও)
সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বলা হয়েছে, কোনো বাংলাদেশিকে হত্যা করা যাবে না। খবর ইউএনবির। বিজিবির মহাপরিচালক বলেন, বিএসএফকে আরও বলা হয়েছে, যেসব বাংলাদেশি অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকবে, তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। তবে জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে, যাতে করে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে না পড়ে।আজ সোমবার সকালে বিজিবির পিলখানা সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় মহাপরিচালক এসব কথা বলেন।তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিজিবির চারটি আঞ্চলিক সদর দপ্তর গড়ে তোলা হয়েছে। চট্টগ্রাম, রংপুর, যশোর ও সরাইলে এসব সদর দপ্তর রয়েছে। ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর দপ্তরগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।বিজিবির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মহাপরিচালক জানিয়েছেন।