সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার, নিখোঁজ ৪: অভিযোগ বিএসএফের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের কালিন্দী নদী থেকে আজ মঙ্গলবার সকালে আজগার আলী (২৫) নামের এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা ও ঝিনাইদহ সীমান্তে নিখোঁজ রয়েছে চারজন বাংলাদেশি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে এই মৃত্যু ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আজ সকাল ১০টার দিকে আজগার আলীর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের নিদয়া গ্রামে। সেখানে নিখোঁজ রয়েছেন নিদয়া গ্রামের সুবিদ আলী ও মাঝের আটি গ্রামের নুরুল ইসলাম। তাঁরা সবাই গরু ব্যবসায়ী।স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমানের দাবি, গত শনিবার সন্ধ্যায় আজগারের সঙ্গে তিনি, সুবিদ ও নুরুল গরু আনতে কালিন্দি নদী পেরিয়ে ভারতে যান। কাল সোমবার ভোরে ভারতীয় সীমান্তের কানাইকাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা শ্রীধরকাটি এলাকা থেকে তাঁদের আটক করে নির্যাতন চালান। এ সময় বিএসএফের নির্যাতনে আজগর আলী মারা যান। পরে বিএসএফের সদস্যরা কালিন্দিতে তাঁর লাশ ফেলে দেয়। তিনি পালিয়ে আসতে সক্ষম হন।গ্রামবাসী জানান, গতকাল তাঁরা আজগারের লাশ নদীতে ভাসতে দেখেন। পুলিশে খবর দিলে আজ তাঁর লাশ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকারও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।এ ব্যাপারে সাতক্ষীরা ৭ রাইফেল ব্যাটালিয়ানের শ্যামনগর উপজেলার দুরমুজখালী বিডিআর ক্যাম্পের নায়েব সুবেদার আবদুল খালেক বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে। নিখোঁজ হওয়া অন্য দুজনের সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে।ঝিনাইদহ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাইলবাড়িয়া গ্রামের মাঠে আজ মঙ্গলবার ভোররাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে দুই গরু-ব্যবসায়ী মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের ওবাইদুল ইসলাম (৩২) ও শ্যামকুড় খোদাবন্দিপাড়া গ্রামের আকবর আলী (৩০) নিখোঁজ রয়েছেন। গ্রামবাসীর অভিযোগ, এ ঘটনার সঙ্গে বিএসএফ জড়িত। বিএসএফ তাঁদের গুলি করে হত্যা করেছে।গ্রামবাসীর দাবি, ওবাইদুল ও আকবর গতকাল রাতে গরু আনতে ভারতে যান। আজ ভোর চারটার দিকে গুলির শব্দ শোনা গেছে। এ দুজনকে মেরে ফেলে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে গ্রামবাসীর আশঙ্কা।এ ব্যাপারে চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের সিও লে. কর্নেল সুলতান আহাম্মেদ জানান, সীমান্তে গুলির ঘটনা ঘটেছে। কিন্তু বিএসএফের গুলিতে বাংলাদেশি কেউ মারা গেছে, সেটা নিশ্চিত হতে পারেনি।