সীমান্তে ভারতীয় অংশে বাংলাদেশি সিমকার্ড ব্যবহার নিষিদ্ধ
ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মোবাইল ফোনে বাংলাদেশি সিমকার্ড ব্যবহারের ওপর নিধেষাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী গুরুদাস কামাথ গত রোববার মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক বৈঠকে এই নিষেধাজ্ঞার কথা জানান। গুরুদাস কামাথ বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের ভারতীয় অংশের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে ভারতের টেলি-সংযোগের ব্যবস্থা উন্নত নয়। এতে সীমান্তবর্তী রাজ্যের অনেক ভারতীয় নাগরিক সীমান্ত এলাকায় বাংলাদেশি সিম ব্যবহার করে আসছে। এসব রাজ্যের মধ্যে রয়েছে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গ। দেখা গেছে, সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে ভারতীয় টেলিযোগাযোগ টাওয়ার অবর্তমান বা দুর্বল। এতে ওই এলাকার লোকজন বাংলাদেশি সিম ব্যবহার করছে। এভাবে সীমান্তের মানুষ মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশি সিমের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এ ব্যাপারে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ), পুলিশ ও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ ওঠায় কেন্দ্রীয় সরকার বাংলাদেশি সিম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে।