সীমান্তে মাদকপাচার বন্ধে সামাজিক আন্দোলন গড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী
পঞ্চগড় জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এ জেলার তিন দিকে ভারতীয় সীমান্ত। তাই মাদকপাচার হয়ে আসা স্বাভাবিক। শুধু বিজিবি ও পুলিশের পক্ষে মাদকপাচার প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।আজ বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘একটি মহল যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টায় লিপ্ত। কিন্তু বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচার করা হবে। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের শিগগিরই দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে।’সভায় পঞ্চগড়ের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল সমস্যার সমাধান, পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া পাসপোর্ট অফিস চালু, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা বন্ধ, সীমান্তে অনুপ্রবেশ বন্ধ, বিজিবির সীমান্ত সড়ক নির্মাণ, বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালু, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি, সরকারি খাসজমিতে প্রভাবশালী মহলের অবৈধভাবে পাথর উত্তোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।