সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হত্যা ও নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল সোমবার সংস্থাটির এক বিবৃতিতে সীমান্তে বিএসএফের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নতুন অভিযোগ তদন্ত ও দোষীদের বিচারে দাঁড় করাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করেন, হত্যা ও নির্যাতন বন্ধে গত বছর দিল্লির দেওয়া আদেশ লঙ্ঘন করে বিএসএফ সীমান্তে সন্দেহভাজনদের একতরফাভাবে শাস্তি দেওয়ার পুরোনো কৌশলে ফিরে গেছে। এর জন্য কেন্দ্রীয় সরকারও দায়ী। কারণ তারা দায়ী ব্যক্তিদের বিচারে দাঁড় করাতে ব্যর্থ হয়েছে। বিচার নিশ্চিত করাই এটা থামানোর সবচেয়ে ভালো পন্থা।মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, ‘সীমান্তে নিপীড়ন বন্ধ ও বিএসএফের জবাবদিহি নিশ্চিত করতে ভারত সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণের এটাই সময়। একই সঙ্গে সীমান্তে সহিংসতার অবসানে ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকারের প্রকাশ্যে দাবি জানানো উচিত।’সংস্থাটি বলছে, সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের জন্য বিএসএফের কোনো সদস্যকে বিচারের মুখোমুখি করা হয়েছে বলে তাদের জানা নেই। মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করেন, যদিও ভারত সরকার দাবি করছে, তারা তাদের বাহিনীর (বিএসএফ) জবাবদিহি বজায় রাখছে। কিন্তু বাস্তবে তারা এমন কোনো তথ্য দেখাতে পারেনি, যাতে প্রতীয়মান হয়, তারা আসলেই তা করছে। তিনি বলেন, ‘মনে হচ্ছে, বিএসএফের সেনারা পুরোপুরি দায়মুক্ত। এমনকি গুরুতর ঘটনার ক্ষেত্রেও। সরকার যদি এ বিষয়ে স্বাধীন তদন্তের আদেশ না দেয় এবং দোষীদের বিরুদ্ধে বিচার নিশ্চিত না করে, তবে এ ধরনের নির্মমতা চলতেই থাকবে।’বাংলাদেশ সীমান্তে বিএসএফের বল প্রয়োগের বিষয়ে ২০১০ সালের ডিসেম্বরে হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে সীমান্তে বিএসএফের হাতে প্রায় এক হাজার বাংলাদেশি নিহত হয়েছে। সীমান্তে হত্যা ও নির্যাতন বন্ধে ২০১১ সালের জানুয়ারিতে ভারত সরকার বাংলাদেশকে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভারত সে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক অভিযোগে দেখা যায়, বিএসএফ সন্দেহভাজন ব্যক্তিদের পিটুনিসহ নির্যাতন চালাচ্ছে। বিএসএফ হেফাজতে এসব নির্যাতনে মৃত্যুর ঘটনাও ঘটেছে।