বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আবারও বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি মানবাধিকার লঙ্ঘনের নতুন অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।গত সোমবার এইচআরডব্লিউর এক বিবৃতিতে বলা হয়, সীমান্তে সংযম প্রদর্শন এবং সন্দেহভাজন মাদক চোরাচালানিদের ওপর আক্রমণ ও নির্বিচারে হত্যা বন্ধের বিষয়ে বাংলাদেশের সরকারকে বারবার আশ্বস্ত করা হলেও বাংলাদেশ ও ভারতীয় বিভিন্ন বেসরকারি সংগঠন যেসব তথ্য-প্রমাণ প্রকাশ করেছে, তা এই ইঙ্গিত দেয় যে বিএসএফ বিচারবহির্ভূত হত্যা-নির্যাতন করেই চলেছে।হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করে বলেন, ‘সংযম প্রদর্শন ও মানবাধিকার রক্ষার বিষয়ে দিল্লি গত বছর যে নির্দেশ জারি করেছিল, তা উপেক্ষা করেই বিএসএফ সন্দেহভাজনদের নির্যাতনে একতরফাভাবে পুরোনো কৌশলেই ফিরে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকারও এ জন্য দায়ী। কেননা, তারা অপরাধ সংঘটনকারীদের জবাবদিহির মুখোমুখি করতে ব্যর্থ হয়েছে।’বিবৃতিতে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচ ২০১০ সালের ডিসেম্বর মাসে ‘ট্রিগার হ্যাপি: এক্সেসিভ ইউজ অব ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দ্য বাংলাদেশ বর্ডার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে বিগত এক দশকে বিএসএফের হাতে প্রায় এক হাজার হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর ভারত সরকার বাংলাদেশি কর্মকর্তাদের এই মর্মে আশ্বস্ত করে যে তারা সীমান্তে সংযম প্রদর্শন করতে বিএসএফকে নির্দেশ দেবে এবং গোলাবারুদের পরিবর্তে প্রাণঘাতী নয় এমন রাবারের গুলি ব্যবহারে উৎসাহিত করবে।এরপর গত বছরজুড়ে বিএসএফের আক্রমণাত্মক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমলেও সীমান্ত এলাকায় তাদের হাতে ভারত ও বাংলাদেশ উভয় দেশের নাগরিকই অব্যাহতভাবে নির্যাতিত হয়েই চলেছে। নতুন উপস্থাপিত তথ্য-প্রমাণগুলো এই ইঙ্গিত দেয় বলে বিবৃতিতে মন্তব্য করা হয়। এতে বলা হয়, গুলি করে হত্যা বন্ধের নির্দেশ থাকায় বিএসএফ এখন সন্দেহভাজনদের ধরে নিয়ে নির্দয়ভাবে পেটাচ্ছে, যার ফলে বিএসএফের হেফাজতেই তাদের মৃত্যু ঘটছে। এতে আরও বলা হয়, এসব নির্যাতনের বিষয়ে অভিযোগ দাখিল করতে বা বিচার চাইতে গেলে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীদের হুমকি ও ভীতি প্রদর্শন করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, ২০১২ সালে বেশি সংখ্যায় হত্যাসহ বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনার তথ্য পাওয়া গেছে। ঢাকাভিত্তিক বেসরকারি সংগঠন অধিকার ২০১২ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত বিএসএফের হাতে ১৩ জনের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছে। একই সময়ে কলকাতাভিত্তিক বেসরকারি সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) আরও পাঁচজনের হত্যার খবর দিয়েছে।গত ১৪ ফেব্রুয়ারি বিএসএফের নির্যাতনে দিনাজপুরের বাসিন্দা গরু ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যুসহ বিভিন্ন হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে বিবৃতিতে। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কোনো বিএসএফ সদস্যকে বিচারের আওতায় না আনায় বিবৃতিতে হতাশা প্রকাশ করা হয়।মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করেন, যদিও ভারত সরকার দাবি করছে, তারা তাদের বাহিনীর (বিএসএফ) জবাবদিহি বজায় রাখছে। কিন্তু বাস্তবে তারা এমন কোনো তথ্য দেখাতে পারেনি, যাতে মনে হয় যে তারা আসলেই তা করছে। তিনি বলেন, ‘মনে হচ্ছে, বিএসএফের সদস্যরা পুরোপুরি দায়মুক্ত। এমনকি গুরুতর ঘটনার ক্ষেত্রেও। সরকার যদি এ বিষয়ে স্বাধীন তদন্তের আদেশ না দেয় এবং দোষীদের বিরুদ্ধে বিচার নিশ্চিত না করে, তবে এ ধরনের নির্মমতা চলতেই থাকবে।’ তিনি আরও বলেন, সীমান্তে নির্যাতন বন্ধ এবং সীমান্তরক্ষী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে ভারত সরকারের জন্য এখনই সময়। একই সঙ্গে বাংলাদেশ সরকারকেও সীমান্তে নৃশংসতা বন্ধে ভারত সরকারের কাছে প্রকাশ্যে দাবি জানাতে হবে।