বাংলাদেশ-ভারত সীমান্তে নিরপরাধ বাংলাদেশি হত্যার ব্যাপারে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিডিআর। পাশাপাশি ভারত থেকে ফেনসিডিল পাচার অব্যাহত থাকার কথাও জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, সীমান্ত এলাকায় মানব ও অস্ত্র পাচার এবং অপরাধীদের অনুপ্রবেশের বিষয়ে বিএসএফ তাদের উদ্বেগ তুলে ধরেছে।গতকাল সোমবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে দুই পক্ষ সাংবাদিকদের এ তথ্য জানায়।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল এম রফিকুল ইসলাম ও বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্তব যৌথ সংবাদ সম্মেলনে জানান, সীমান্তে হত্যা এবং সব ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে সমন্বিত টহল জোরদার করতে তাঁরা সম্মত হয়েছেন। দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের ছয় দিনব্যাপী বৈঠক গতকাল দুপুরে বিডিআর সদর দপ্তরে শেষ হয়। বৈঠক শেষে দুই পক্ষ ‘যৌথসম্মত বিবরণী’তে সই করে। এম রফিকুল ইসলাম বলেন, ‘সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিলের প্রবেশ অব্যাহত থাকায় যুবসমাজের অবক্ষয় ঘটছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তাই মাদক পাচার বন্ধে পদক্ষেপ নিতে আমরা ভারতকে অনুরোধ জানিয়েছি। বিএসএফের প্রধান এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।’বৈঠকে সীমান্তে নিরপরাধ বাংলাদেশিদের হত্যা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে বিডিআরের প্রধান বিএসএফের সহায়তা চেয়েছেন। বিডিআরের মহাপরিচালক বলেন, ‘এ ব্যাপারে তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন। তবে ভারতের পক্ষ থেকে বিষয়টি সুরাহার জন্য রাতের বেলা কারফিউ জারির প্রস্তাব এসেছে, সেটি এখনই মেনে নেওয়া সম্ভব নয়। তবে রাতের বেলা লোকজন যাতে চলাচল না করে, সে ব্যাপারে আমাদের পক্ষ থেকে টহল জোরদার করা হবে।’বিএসএফের প্রধান জানান, নারী ও শিশু পাচার, অস্ত্র পাচার এবং সীমান্তের এক অংশ থেকে অন্য অংশে অনুপ্রবেশের বিষয়ে তাঁদের উদ্বেগের বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, দুই পক্ষই সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে সমন্বিত টহল জোরদার করতে রাজি হয়েছে।বছরের পর বছর ভারত সীমান্তে নিরপরাধ বাংলাদেশিদের হত্যা বন্ধের আশ্বাস দিলেও বিষয়টির সুরাহা হচ্ছে না—এ প্রশ্নের জবাবে রমন শ্রীবাস্তব বলেন, সীমান্তে প্রাণহানির যে ঘটনাগুলো ঘটছে, তা ‘হত্যা’ বলা ঠিক হবে না। বলা উচিত, ‘নিহত’ হচ্ছে। কারণ ‘হত্যা’ ও ‘নিহত’ দুটি শব্দের দ্যোতনা আলাদা। সীমান্তে প্রাণহানির যে ঘটনাগুলো ঘটছে, তার অধিকাংশই রাতের বেলা। ওই সময় সীমান্তে অনুপ্রবেশ করে তারা সীমান্ত আইন লঙ্ঘন করছে। ওই সময় যারা সীমান্ত পাড়ি দেয়, তাদের নিশ্চয় নিরপরাধ বলা যায় না। তিনি বলেন, এ সময় সীমান্ত পেরিয়ে যারা ভারতে যায়, তারা অধিকাংশ সময় বিএসএফের সদস্যদের ওপর হামলা করে। আর আত্মরক্ষার জন্য বিএসএফকে গুলি ছুড়তে হয়। এর ফলে যেসব লোকজন মারা যায়, তাদের মধ্যে যেমন বাংলাদেশের নাগরিক আছে, তেমনি আছে সমানসংখ্যক ভারতীয় নাগরিক। যে পরিস্থিতিতে বিএসএফকে আত্মরক্ষার্থে গুলি ছুড়তে হয়, তখন কোন দেশের নাগরিককে গুলি করা হচ্ছে, সেটি নিশ্চয়ই জানা সম্ভব নয়।রমন শ্রীবাস্তব সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছোড়েন, এমন পরিস্থিতি হলে বিডিআর কী করত। এসব পরিস্থিতিতে কেউ হাত গুটিয়ে বসে থাকতে পারে না। সংবাদ সম্মেলনে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানেরা জানান, অত্যন্ত হূদ্যতাপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে।