সীমান্তে শিশু হত্যা বন্ধের দাবি শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে শিশু হত্যা বন্ধে সরকারের প্রতি কূটনৈতিক তত্পরতা বাড়ানোর দাবি জানিয়েছে শিশুরা। আজ শনিবার সকালে এলজিইডি মিলনায়তনে চাইল্ড পার্লামেন্ট ২০১৩-এর অধিবেশনে তারা এই দাবি জানায়। চাইল্ড পার্লামেন্ট বাংলাদেশের ৬৪টি জেলার শিশুদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। এবারের অধিবেশনে ১৬৮ জন শিশু অংশ নিয়েছে।সীমান্তবর্তী জেলা মেহেরপুরে শিশু শামস শাহরিয়ার জানায়, সীমান্তবর্তী এলাকায় শিশুরা কোনটা বর্ডার কোনটা নো ম্যান্স ল্যান্ড তা বুঝতে পারে না। কখনো কখনো সাঁতার কাটতে কাটতে বা খেলতে খেলতে তারা দেশের সীমানা থেকে বেরিয়ে যায়। এ সময় তাদের ওপর প্রায় নির্বিচারে গুলি বর্ষণ করা হয়। অধিবেশনের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে শামস শাহরিয়ার প্রশ্ন করে, ‘সীমান্তবর্তী এলাকার শিশুদের জীবন রক্ষার দায়িত্ব কি সরকারের নয়?’ উত্তরে দীপু মনি বলেন, ‘কোনো মৃত্যুই গ্রহণযোগ্য নয়। দুই দেশের সরকার এ ব্যাপারে কাজ করছে। গত চার বছরে মৃত্যুর হার অনেকটা কমে এসেছে। কিন্তু আমরা সেটা শূন্যে নিয়ে যেতে চাই।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনাগুলো কখন ঘটছে, সময়টা আমাদের লক্ষ রাখতে হবে। বেশির ভাগ ঘটনা ঘটছে রাতের বেলা, পাচার বা অন্য অপরাধমূলক কাজ যে সময় হয়ে থাকে। কিন্তু কেউ অপরাধ করলেও তার ওপর গুলি বর্ষণ করা আমরা সমর্থন করি না।’ যশোরের শিশু লোমাত সুইমা প্রশ্ন করে, ‘শিশুদের পাচার বন্ধে আইন করেছে সরকার। কিন্তু প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিশু সংগ্রহ করে ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের পাচার করা হচ্ছে। এ ব্যাপারে সরকার কি করছে?’ এর উত্তরে দীপু মনি বলেন, ‘কোনো রাষ্ট্র এককভাবে পাচার নিয়ন্ত্রণ করতে পারে না। এটা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু। বিষয়গুলো সেভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।’