সীমান্তে হত্যা, তিন বিএসএফ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু পাচারকারী সন্দেহে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১১ জুন সীমান্তে দুই বাংলাদেশি গুলিতে নিহত হওয়ার ঘটনার পর বিজিবি সদর দপ্তর থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এদিকে পিটিআইয়ে প্রকাশিত এক খবরে বলা হয়, ওই ঘটনায় বিএসএফ চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে। যাঁদের বরখাস্ত করা হয়েছে তাঁরা হলেন, সহকারী উপপরিদর্শক নারায়ণ সিংহ ও তিনজন নন-কমিশনড অফিসার ওয়াই এন বাট, প্রসেনজিত্ দাস ও মোহাম্মদ আইয়ুব আলী। তাঁরা ভারতের আংরাইল সীমান্তে বিএসএফের ৪০ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।আমাদের যশোর প্রতিনিধি জানান, এর আগে এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিএসএফের দক্ষিণবঙ্গের আইজি এসএইচ সন্তোষ মেহরা আজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বরিউল ইবনে কামরুলের কাছে টেলিফোনে দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে।গত মঙ্গলবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্তে গরু আনতে গিয়ে বাংলাদেশের দুই নাগরিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন বেনাপোলের বারোপোতা গ্রামের হাবিবুর রহমান (২৫) ও বসতপুর কলোনিপাড়ার ফারুক হোসেন (২৬)।ঘটনার প্রতিবাদ জানিয়ে ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়। এ বিষয়ে ওই দিন দুপুর দুইটার দিকে পুটখালী সীমান্তে বিএসএফ ও বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।