সীমান্তে হত্যা নিয়ে ভারতে জনস্বার্থে মামলার উদ্যোগ নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফরে আসা ভারতীয় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কলিন গনসালভেজ বলেছেন, বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য ও পরিসংখ্যান পেলে তিনি সে দেশের আদালতে জনস্বার্থে মামলা করবেন। তিনি মনে করেন, জনস্বার্থে মামলা করলে মানুষের অধিকার নিশ্চিত করা যায়।আজ শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইনগত সহায়তাদানকারী প্রতিষ্ঠান ব্লাস্ট আয়োজিত ‘অর্থনৈতিক ও সামাজিক অধিকার এবং জনস্বার্থ মামলা বিষয়ে জনবক্তৃতা শেষে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আলোচনা সভায় বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জনস্বার্থে মামলা করলে কোনো কোনো ক্ষেত্রে বেশ সুফল আসে। তবে এই মামলাগুলো কেবল রাষ্ট্রের গণ্ডির ভেতরে আবদ্ধ রাখলে চলবে না। ফেলানী হত্যার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘একটি বালিকাকে হত্যা ও কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা আশা করেছিলাম, এ বিষয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন হস্তক্ষেপ করবে। কিন্তু তারা তা করেনি। সে দেশের আইনজীবীরা বিষয়টি নিয়ে আদালতে জনস্বার্থে মামলাও করতে পারতেন, সেটাও হয়নি।’কলিন গনসালভেজ বলেন, ‘বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী যা করছে, সেটা অরাজকতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় গণমাধ্যমে এর কিছুই প্রকাশ করা হয় না। দেশটির মানবাধিকার সংগঠনগুলোও এ নিয়ে চিন্তিত না। ভারতে অনেকেই বাংলাদেশিদের অপরাধী হিসেবে মনে করে। কিন্তু এটা চলতে পারে না। আমরা পর্যাপ্ত তথ্য ও পরিসংখ্যান পেলে ভারতীয় উচ্চ আদালতে এ নিয়ে জনস্বার্থে মামলা করব। সেখানে আমরা দুই দেশের আইনজীবীদের নিয়ে যৌথ সংবাদ সম্মেলনও করব।’কলিন গনসালভেজ বলেন, মানবাধিকারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের আইনজীবীরা একসঙ্গে কাজ করতে পারে। ভারতের কারাগারে অনেক বাংলাদেশি ও বাংলাদেশের কারাগারে অনেক ভারতীয় বন্দী অবস্থায় আছে। এরা যেন মুক্তি পায়, উভয় দেশের আইনজীবীরা একসঙ্গে কাজ করতে পারে। তিনি একটি উদাহরণও দেন। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট সে দেশে আটক ৪০০ ভারতীয়কে মুক্তির আদেশ দিয়েছে। ভারতের সুপ্রিম কোর্টও দেশটিতে বন্দী অনেক পাকিস্তানি বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ও ভারতেরও এ ধরনের কাজ করা উচিত।সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘আমাদের দেশে জনস্বার্থে অনেক মামলা হচ্ছে। উচ্চ আদালত বেশ কিছু নির্দেশও দিয়েছে। তবে সরকার আদালতের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অনেক ক্ষেত্রেই মন্ত্রীরা চেষ্টা করছেন এই রায় বাস্তবায়ন না হয়।’