সীমান্তে হত্যা বন্ধ করতে দুই দেশের সরকার আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে। সীমান্তে অবৈধ হত্যা-নির্যাতন সম্পর্কে তিনি বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কারও কাম্য হতে পারে না।আজ দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এ ব্যাপারে দুই দেশের সরকারই আন্তরিকভাবে কাজ করছে। টিপাইমুখ বাঁধ ইস্যুতে মন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশ যৌথ সমীক্ষার ভিত্তিতে এ সমস্যার সমাধান করতে হবে। দুই দেশের নদী কমিশনের সদস্যদের নিয়ে যৌথ কমিশন বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করার পর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।’চাঁদপুরে গত ২৯ জানুয়ারি চারদলীয় জোটের গণমিছিলে নিহত দুজনের বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি তদন্তাধীন বলে এ ব্যাপারে মন্তব্য করা যাবে না। আশা করি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।এ সময় জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর, জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ ও মহাজোট নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।